এ বছরই ইনফরমেশন সুপার হাইওয়ে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা ক্ষীণ
সাবমেরিন ক্যাবলের সংযোগ পাওয়া সত্ত্বেও কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত অপটিক্যাল ফাইবার সংযোগের কাজ শুরু না হওয়ায় এ বছরের মধ্যে ইনফরমেশন সুপার হাইওয়ে বাংলাদেশ নাও যুক্ত হতে পারে।
সাবমেরিন ক্যাবল প্রকল্প সূত্র জানায়, কক্সবাজারের বেইস স্টেশন থেকে বন্দর নগরী চট্টগ্রামের সাথে নেটওয়ার্ক স্থাপনের জন্য তুরস্কের কোম্পানি হেসফিবলের কমপক্ষে চার মাস সময় লাগবে।
বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডের (বিটিটিবি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল মালেক আখন্দ বুধবার বিডিনিউজকে বলেন, হেসফিবলের সাথে বিটিটিবির চুক্তি অনুযায়ী, কাজ শুরুর আগে বিল অব কোয়ানটিটির (বিওকিউ) মাধ্যমে যন্ত্রপাতি ক্রয়ের প্রস্তুতিসহ অন্যান্য কাজ সম্পন্ন করার জন্য আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগবে।
ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি ৫ সেপ্টেম্বর কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত ফাইবার অপটিক্যাল নেটওয়ার্ক স্থাপন সংক্রান্ত তুর্কি কোম্পানি হেসফিবলের প্রস্তাবটি অনুমোদন করে।
১৭১ কিলোমিটার দীর্ঘ এ নেটওয়ার্ক স্থাপনে ব্যয় ধরা হয়েছে ২৮ দশমিক ৪১ কোটি টাকা।
এ প্রকল্পের আওতায় হেসফিবল চট্টগ্রাম-ঢাকা অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কেরও সংস্কার করবে।
মন্ত্রিপরিষদ কমিটির অনুমোদনটি কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপন করা হবে এবং প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর কাজ শুরু করা হবে।
৬৫৭ কোটি টাকা ব্যয়ে ফাইবার অপটিকস স্থাপনের পর বাংলাদেশ ইনফরমেশন সুপার হাইওয়ের মাধ্যমে ভারত, পাকিস্তান ও সৌদি আরবসহ ১৪টি দেশের সাথে যুক্ত হবে।
এর ফলে সিঙ্গাপুর থেকে ফ্রান্সের মারসেইলিস পর্যন্ত বিস্তারিত সি-মি-উই ৪ সাবমেরিন ক্যাবল নেটওয়ার্কের ইনফরমেশন সুপার হাইওয়ে প্রবেশের মাধ্যমে আধুনিক যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশের দ্বার উন্মোচিত হবে।
বিটিটিবি চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, এ বছরের মধ্যেই অপটিক্যাল ফাইবার স্থাপনের কাজ শেষ করার মাধ্যমে সাবমেরিন ক্যাবলের সুবিধা গ্রহণ করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
