বাংলালিংকের সাথে টেলিটকের আন্তঃসংগোগ চুক্তি স্বাক্ষর
গ্রামীণ ফোনের পর এবার বাংলালিংকের সাথে টেলিটকের আন্তঃসংযোগ চুক্তি স্বাক্ষরিত হল।
মঙ্গলবার স্বাক্ষরিত এ চুক্তির ফলে বেসরকারি টেলিফোন অপারেটরদের সাথে সরকারি মালিকানাধীন টেলিটকের গ্রাহকদের ইনকামিং আউটগোয়িং সংযোগ আগামী সপ্তাহ থেকে চালু হতে যাচ্ছে।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এম ওবায়দুল্লাহ এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা লারস পি রিচেল্ট স্ব স্ব কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ চুক্তির ফলে অন্যান্য মোবাইল ফোন কোম্পানির গ্রাহকদের সাথে টেলিটকের ৮০ হাজার গ্রাহকদের যোগাযোগের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা ছিল তা দূর হল। গত রোববার গ্রামীন ফোনের সাথে চুক্তি স্বাক্ষরের আগে সিটিসেল এবং একটেলের সাথে টেলিটকের আন্তঃসংযোগ চুক্তি স্বাক্ষরিত হয়।
আগামী মাসের প্রথম সপ্তাহ নাগাদ আন্তঃসংযোগ সক্রিয় করা হবে বলে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক জানান। তিনি বলেন, বেসরকারি অপারেটরদের সাথে দুটি এক্সচেঞ্জে কেবলের মাধ্যমে আন্তঃসংযোগ লিংক স্থাপন করতে একটু সময় লাগবে।
তিনি আরও বলেন, এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দেশের সকল জেলা এবং নগরীর লোকজন টেলিটকের গ্রাহক হতে আকৃষ্ট হবে, যা অন্যান্যদের তুলনায় কম খরচে সকল সুবিধা দিচ্ছে।
দেশের প্রধান বেসরকারি টেলিফোন অপারেটর গ্রামীন ফোনের বর্তমানে ৩০ লাখ, একটেলের ২০ লাখ, বাংলা লিংকের পাঁচ লাখ ও সিটি সেণের তিন লাখ ৭৫ হাজার গ্রাহক রয়েছে।
