২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিটকের সিমকার্ড সংক্রান্ত মামলায় জারি করা রুলের জবাব ১০ জুলাইয়ের মধ্যে দিতে সরকারকে হাইকার্টের নির্দেশ

টেলিটকের সিমকার্ড কেন পূর্বে ধার্য করা ১৮শ’ টাকায় বিক্রি হবে না এই মর্মে জারি করা রুলের জবাব আগামী ১০ জুলাইয়ের মধ্যে আদালতে দাখিল করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

সময় চেয়ে সরকারের দায়ের করা আবেদনের শুনানি শেষে বিচারপতি আওলাদ আলী এবং বিচারপতি জিনাত আরা সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ ১০ জুলাই এই রুলের শুনানির দিন ধার্য করেন।

এর আগে ২১ জুন একই বেঞ্চ রাষ্ট্র নিয়ন্ত্রিত মোবাইল অপারেটর টেলিটক লিমিটেড ও সরকারের বিরুদ্ধে এই রুল জারি করেন। এতে প্রতিটি সিমের ওপর ১২০০ টাকা শুল্ক ধার্য করে তাদের জারি কর এসআরও এবং নোটিশকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে সরকারকে কারণ দর্শাতে বলা হয়েছিলো।

ছয়জন গ্রাহক-এ্যাডভোকেট জিয়াউল হাসান, শাহরিয়ার পারভীন, এ্যাডভোকেট সেলিম আহসান খান, মোহাম্মদ আমীর হামজা খান, রুবিনা ইয়াসমিন এবং মোহাম্মদ সারোয়ার ই আলম এসআরও এবং নোটিশ জারি করে টেলিটকের সিমকার্ডের ওপর ১২০০ টাকা শুল্ক আরোপ করার বৈধতা চ্যালেঞ্জ করে এই আবেদনটি দাখিল করেন।

অর্থ এবং টিএন্ডটি মন্ত্রণালয়ের সচিবগণ, এনবিআর চেয়ারম্যান, ভ্যাটের সেকেন্ড সেক্রেটারি, কাস্টমস কমিশনার, এক্সাইজ এবং ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে দায়ী করে এই আবেদনটি দাখিল করা হয়।