নির্ধারিত সময়ের মধ্যে দেশের সকল উপজেলাকে ডিজিটাল এক্সচেঞ্জের আওতায় আনতে ব্যর্থ হয়েছে বিটিটিবি
চলতি বছরের নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) দেশের সকল উপজেলাকে ডিজিটাল এক্সচেঞ্জের আওতায় আনতে ব্যর্থ হয়েছে।
সকল উপজেলাকে ডিজিটালাইজেশনের লক্ষ্যে নতুন সময় নির্ধারণ করা হয়েছে পরবর্তী অর্থবছর পর্যন্ত।
বিটিটিবি’র চেয়ারম্যান আব্দুল মালেক আখন্দ বলেন, বিটিটিবি’র দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে দেশের প্রতিটি উপজেলায় ডিজিটালাজেশন লক্ষ্যে বিটিটিবি ইতোমধ্যে ৪৬৬ টি উপজেলার ২৩৯টিতে ডিজিটাল এক্সচেঞ্জ স্থাপন করেছে।
তার মতে, সাবমেরিন কেবল প্রকল্পের দ্রুত বাস্তবায়ন হচ্ছে বিটিটিবি’র প্রথম অগ্রাধিকার।
বিটিটিবি সূত্র জানায়, সম্প্রতি গৃহীত ৯ দশমিক ৪৩ মিলিয়ন মার্কিন ডলারের ডিজিটাল টেলিফোন স্থাপন ও সম্প্রসারণ প্রকল্প বাতিল হওয়ায় কাজটি বাধাগ্রস্ত হয়।
তবে বিটিটিবি চেয়ারম্যান জানান, এই প্রকল্পের অধীনে ডিজিটাল এক্সচেঞ্জ স্থাপনে অর্থায়ন করা হবে ক্রয় তহবিল থেকে।
সূত্র জানায়, জেলা সদর দপ্তরের সঙ্গে সকল আন্তঃসংযোগ ট্রান্সমিশন লিংকস ডিজিটাল করা হবে।
বর্তমান উপজেলা ও গ্রোথ সেন্টার প্রকল্পের আওতায় ২২০ টি উপজেলায় ডিজিটাল কাভারেজের কথা থাকলেও এ পর্যন্ত মাত্র ১২ উপজেলায় কাভারেজের আওতায় আনা হয়েছে।
সম্পদ ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে সম্প্রসারণ ও এক্সচেঞ্জ ক্ষমতার জন্য এবং কিছু পুরনো এনালগ এক্সচেঞ্জের প্রতিস্থাপন করতে বিটিটিবি কয়েকটি ধাপে নতুন ডিজিটাল এক্সচেঞ্জ স্থাপনের জন্য কর্মসূচি গ্রহণ করেছে।
সারা দেশে বিটিটিবি’র মোট ৮ লাখ ৬৫ হাজার ৫ শ’ ৯৯ টি সংযোগ রয়েছে।
মোট সংযোগের মধ্যে ডিজিটাল টেলিফোনের সংখ্যা হলো ৮ লাখ ৩৪ হাজার ৬ শ’ ৫১ টি।
দেশে টিএণ্ডটি ল্যাণ্ড ফোনের মোট সংযোগ ক্যাপাসিটি ১০ লাখ ৩ লাখ ২ শ’ ৫১টি। এর মধ্যে ডিজিটাল টেলিফোনের সংযোগ ক্যাপাসিটি ৯ লাখ ৫৭ হাজার ৭ শ’ ৫৪টি, এনালগ লাইন ১৭ হাজার ৭০০টি এবং ম্যানুয়াল ফোনের সংযোগ ক্যাপাসিটি ৩০ হাজার ৯ শ’ ৫৩টি।
