২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগামী সপ্তাহ থেকে সল্প মূল্যে বে ফোন’র বাণিজ্যিক সংযোগ

ব্যক্তিমালিকানাধীন ল্যাণ্ডফোন অপারেটর বে ফোন আগামী সপ্তাহ থেকে চট্টগ্রামের গ্রহাকদের বিটিটিবি ও অন্যান্য অপারেটরদের চেয়ে সল্প মূল্যে বাণিজ্যিক সংযোগ প্রদান করবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 05:41 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

বে ফোন গ্রাহকরা আন্তঃসংযোগের ভিত্তিতে অন্যান্য ল্যাণ্ডফোন ও মোবাইল অপারেটরদের ফোন করতে পারবেন।

বে ফোনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এমএ হাশেম বৃহস্পতিবার বিডিনিউজকে বলেন, ইতোমধ্যে আবেদন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে এবং এ ধাপে চট্টগ্রাম মহানগরী ও আশপাশের উপজেলাসমূহে এক লাখ সংযোগ দেওয়া হবে।

বে ফোনের দু’ধরনের সংযোগের মধ্যে ওয়ারলেস সংযোগের জন্য খরচ পড়বে ১২ হাজার এবং ক্যাবল সংযোগ ফি পড়বে ৯ হাজার টাকা।

হাশেম আরও বলেন, বে ফোনের কলরেট বিটিটিবি ও অন্যান্য অপারেটরের চেয়ে কম হবে।

বে ফোনের অন্যতম একটি দিক হলো আবেদন করার ২৪ ঘন্টার মধ্যে সংযোগ পাওয়া ও ঘড়ির কাটা ধরে গ্রহক সেবার নিশ্চয়তা।

এছাড়াও বে ফোনে প্রিপেইড (স্মার্ট কার্ড) ও পোষ্ট পেইড বিলিং সিস্টেম, কলার আইডি, কল ওয়েটিং, কল হান্টিং, কল ফরওয়ার্ডিং, কল কনফারেন্স এবং ইন্টারনেট সুবিধাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

ফেনী, হাটহাজারী, ফটিকছড়ি, আনোয়ারা, পটিয়া, নোয়াখালি, মিরেরসরাই এবং কুমিল্লাকে দু’মাসের মধ্যে বে ফোন নেটওয়ার্কের আওতায় আনা হবে। অন্যদিকে এক বছরের মধ্যে অনুমোদিত এলাকা দাউদকান্দি থেকে টেকনাফ পর্যন্ত নেটওয়ার্কের আওতায় আনা হবে।

চট্টগ্রামের প্রত্যেক ওয়ার্ডে বে ফোনের ডিলারশীপ দেওয়া হবে এবং বে ফোনের মাধ্যমে গ্রাহকরা আইএসডি, এনডব্লিউডি এবং স্থানীয় সংযোগ সুবিধা পাবেন।

যদিও যুক্তরাষ্ট্র ভিত্তিক অপারেটর বে ফোন ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে প্রায় ১৫ হাজার সংযোগ প্রদান করেছে, কিন্তু এখনও আন্যান্য অপারেটরদের সাথে আন্তঃ সংযোগ নিশ্চিত হয়নি।

কিন্তু আগামী সপ্তাহ থেকে গ্রাহকরা সকল সুবিধা ভোগ করতে পারবেন।