বিজয় ও ওয়ানটেল ৬০ হাজার ল্যান্ডফোন সংযোগ দিচ্ছে
দেশের অনুমোদিত দুটি প্রাইভেট ল্যান্ড ফোন কোম্পানী প্রাথমিকভাবে মোট ৬০ হাজার সংযোগ প্রদানের ঘোষণা দিয়েছে।
বিজয় ফোন এ মাসের শেষ দিকে সিলেটে এবং ওয়ানটেল জুলাইয়ের শেষ দিকে রাজশাহী বিভাগে গ্রাহকদের জন্য বানিজ্যিক এই সংযোগ সুবিধা দিতে যাচ্ছে।
বিটিটিবির আন্তঃসংযোগ চুক্তিতে স্বাক্ষরদানকারী দেশের দশটি বেসরকারি ফোন কোম্পানীর মধ্যে এই দুই কোম্পানীও রয়েছে। তাদের গ্রাহকরা টিএণ্ডটি, অন্যান্য ল্যান্ড ফোন ও মোবাইল ফোনগুলোর সাথে সংযোগ সুবিধা পাবে।
রোববার উভয় কোম্পানির পক্ষ থেকে জানানো হয় যে, তারা উভয়েই প্রথম পর্যায়ে মোট ৬০ হাজার সংযোগ দেবে।
বিজয় ফোনের মূল সংস্থা জালালাবাদ টেলিকম লিমিটেডের (জেটিএল) সহকারি ব্যবস্থাপক মোহাম্মদ মানিক বিডিনিউজকে জানান, তারা সিলেট এবং এর উপজেলাগুলোতে সংযোগ দেওয়ার পর ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলসহ দেশের উত্তর পূর্বাঞ্চলের ১৬ টি জেলায় নেটওয়ার্ক প্রসারিত করবে।
বিজয় ফোন দুই ধরনের সংযোগ দিচ্ছে। একটি হল ওয়্যারলেস সংযোগ, যার ফি ১২ হাজার টাকা এবং ক্যাবল সংযোগ, যার ফি ৯ হাজার টাকা। গ্রাহকদের জন্য চার্জ ধরা হয়েছে প্রতি তিন মিনিট পালসে এক টাকা ৫০ পয়সা (পিক আওয়ারে) এবং এক টাকা (অফ পিক আওয়ারে)।
আন্তর্জাতিক কলের ক্ষেত্রে চার্জ ২টাকা+বিটিটিবি এবং অফ পিক আওয়ারে এক টাকা+বিটিটিবি ধার্য করা হয়েছে।
জেটিএল থেকে মোবাইল ফোনগুলোতে কলের ক্ষেত্রে পিক আওয়ারে মিনিটে তিনটাকা এবং অফ পিকআওয়ারে দুই টাকা ধার্য করা হয়েছে। যেকোনও ফোন থেকে ইনকামিং পুরোপুরি ফ্রি রাখা হয়েছে।
ওয়ানটেল কমিউনিকেশনের ব্যবস্থাপক (বিপনন ও বিক্রয়) মাহতাবুল আমিন বিডিনিউজকে বলেন, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের পরামর্শ অনুসারে অন্যান্য কোম্পানীগুলোর মতো ওয়ান টেলের চার্জও সমান রাখা হয়েছে।
ওয়ানটেল প্রথম পর্যায়ে উত্তর পূর্বাঞ্চলের পাঁচ জেলা-রাজশাহী, রংপুর, বগুড়া, পাবনা এবং সিরাজগঞ্জে বানিজ্যিক সংযোগ দেয়া শুরু করবে।
তারা তাদের ওয়্যারলেস ফোনের জন্য চার্জ ৮ হাজার থেকে ১০ হাজার টাকা নির্ধারন করেছে।
ওয়ানটেলের কর্মকর্তারা দাবি করেন, তারা গ্রাহকদের আবেদন জমা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে সংযোগ দেবে এবং বিনা মূল্যে রাউন্ড দ্য ক্লক কাস্টমার সার্ভিস সুবিধাও থাকবে।
বিজয় ফোন ও ওয়ানটেলের গ্রাহকরা আইএসডি, এনডব্লিউডি এবং লোকাল কলের ক্ষেত্রে বিটিটিবি থেকেও উন্নত সেবা পাবে বলে আশা প্রকাশ করেন কোম্পানীর কর্মকর্তারা।
গ্রাহকরা প্রিপেইড ও পোস্ট পেইড পদ্ধতিতে বিল পরিশোধ করতে পারবেন এবং কলার আইডি, কল ওয়েটিং, কল হান্টিং, কল ফরোয়ার্ডিং, কল কনফারেন্স এবং ইন্টারনেট সুবিধা পাবে গ্রাহকরা।
