দুই সপ্তাহের মধ্যে মোবাইল সেটের দাম কমছে: আমদানীকারক সংস্থা
প্রস্তাবিত বাজেটে ফোন সেট আমদানী শুল্ক কমিয়ে আনার ফলে মোবাইল ফোন সেটের দাম দুই সপ্তাহের মধ্যেই কমে আসছে। মোবাইল ফোন আমদানীকারক সংস্থা এ তথ্য জানায়।
বাংলাদেশ মোবাইল ফোন আমদানীকারক সংস্থার মহাসচিব ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন রোববার বিডিনিউজকে বলেন, যেহেতু আমদানীকারকদের হাতে এখনও পুরনো মডেলের মোবাইল সেট রয়েছে, শুল্ক হ্রাসের সুবিধার ফলে নতুন করে মোবাইল ফোন আমদানী করে এর মূল্য হ্রাস করতে একটু সময় লাগছে।
মহাসচিব আরও বলেন, নতুন প্রস্তাবিত বাজেটে আমদানী কর কমে আসায় প্রতিটি মোবাইল সেটের আমদানি শুল্ক ১৫ শ’ টাকা থেকে ৩ শ’ টাকায় নেমে আসবে। এতে প্রতিটি সেট কমপক্ষে ১২ শ’ টাকা কমে কেনার সুযোগ থাকবে।
তিনি আরও বলেন, আমদানী কর হ্রাসের ফলে শুধুমাত্র সেটের দামই কমবে না, সাথে সাথে ফোন সেটের ব্যাপক চোরাচালানীও রোধ করা যাবে।
তিনি বলেন, শতকরা ৯০ ভাগ মোবাইল সেটের বাজার দখল করে আছে অবৈধ ব্যবসায়ীরা। আমরা অতি অল্প সময়ের মধ্যে বৈধ ও আসল সেট সরবরাহের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করতে সক্ষম হবো।
ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেনের মতে, দেশের প্রায় ২৮টি বৈধ মোবাইল আমদানীকারক প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোবাইল আমদানী করে থাকে। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন ও হংকং।
