২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর নির্দেশের ২ বছর পরও হাতিয়ার টেলিফোন ব্যবস্থা ডিজিটাল হয়নি

নোয়াখালীর হাতিয়া উপজেলার টেলিফোন ব্যবস্থা প্রধানমন্ত্রীর নির্দেশের ২ বছর পরও ডিজিটাল হয়নি। ফলে উপজেলার ৪ লাখ মানুষ আধুনিক টেলিযোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 11:39 AM

Updated : 26 Apr 2022, 05:47 PM

হাতিয়া টেলিফোন এক্সচেঞ্জ সূত্র জানায়, ১৯৯৫ সালে ৮৯ থানা রেডিও লিংক-এর অধীনে হাতিয়ায় দু‘শ লাইনের স্বয়ংক্রিয় টেলিফোন ব্যবস্থার মাধ্যমে এনডব্লিউডি সিস্টেম চালু করা হয়। কিন্তু শুরু থেকেই এনডব্লিউডি সিস্টেমে গড়বড় দেখা দেয়।

গ্রাহকরা এ ব্যাপারে লিখিতভাবে অভিযোগ জানিয়েও কোনও ফল পায়নি। ফলে গ্রাহকদের এক্সচেঞ্জে গিয়ে ওটিডি সেটের মাধ্যমে দ্বীপের বাইরের লোকজনের সাথে কথা বলতে হয়। এই ব্যবস্থা এখনও বলবৎ আছে।

অন্যদিকে, বিদ্যুতের লোডশেডিং এবং সুইচ রুমের যান্ত্রিক ক্রুটির কারণে প্রায়ই টেলিফোন ব্যবস্থা অচল থাকে। দিনের অধিকাংশ সময় এখানকার টেলিফোন সেটগুলোতে ডায়ালটোন থাকে না। রাত ১১টা থেকে সকাল ৮টা পর্যন্ত হাতিয়া টিএন্ডটির পুরো নেটওয়ার্কই বন্ধ থাকে। ফলে এ সময়ে হাতিয়ায় অধিকাংশ টেলিফোন সেটই ডেড থাকে।

তাছাড়া, আন্ডারগ্রাউন্ড ক্যাবলে রয়েছে অসংখ্য জোড়াতালি। ডায়ালটোন না থাকলেও গ্রাহককে নিয়মিত ভুতুড়ে বিল পরিশোধ করতে হয়।

হাতিয়ার টেলিফোন ব্যবস্থার এ নাজুক অবস্থার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে হাতিয়া টেলিফোন এক্সচেঞ্জটি অগ্রাধিকার ভিত্তিতে ডিজিটালে এক্সচেঞ্জে রূপান্তরিত করার নির্দেশ দেন।

এ ব্যাপারে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল সিদ্দিকীর স্বাক্ষরিত একটি চিঠি ২০০৩ সালের ৪ মে সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়, কিন্তু তাতেও কোনও কাজ হয়নি।

২০০৩ সালে প্রধানমন্ত্রী হাতিয়া সফরকালে পুনরায় টেলিফোন ব্যবস্থা ডিজিটালে রূপান্তর করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সর্বশেষ নির্দেশের পর দীর্ঘ ২ বছর অতিবাহিত হলেও টেলিফোন ব্যবস্থা এখনও ডিজিটালে রূপান্তরিত হয়নি।

এ ব্যাপারে হাতিয়ার টেলিফোন এক্সচেঞ্জের ইনচার্জ মোহাম্মদ সামছুল হক বিডিনিউজকে জানান, ষাটের দশকে নির্মিত টেলিফোন এক্সচেঞ্জ হিসেবে ব্যবহৃত ভবনটি একেবারেই জরাজীর্ণ। বর্ষায় ছাদ চুঁইয়ে পানি পড়ার কারণে ডিজিটাল ব্যবস্থা চালু করতে বিলম্ব হচ্ছে।

তিনি আরও বলেন, বিদ্যুতের লো-ভোল্টেজ এবং বিদ্যুৎ না থাকায় কখনও কখনও স্থানীয় টেলিফোন সেটগুলো ডেড হয়ে যায় এবং ক্রস কানেকশন চলে আসে।