টেলিটকের গ্রাহকরা এখনো লাইন ধরে সিম সংগ্রহ করছে
প্রায় ২২ হাজারেরও বেশি লটারি বিজয়ী গ্রাহক শনিবার পর্যন্ত টেলিটকের সিম কার্ড সংগ্রহ করেছেন। এরমধ্যে প্রায় সাড়ে সাত হাজার গ্রাহক ১২০০ টাকা করসহ মোট ৩০০০ টাকা দিয়েই নিজেদের সিম নিয়েছেন। বিটিটিবি সূত্রে এই তথ্য জানা গেছে।
নির্ধারিত চারটি ব্যাংক-বেসিক ব্যাংক, প্রাইম ব্যাংক, ঢাকা ব্যাংক ও সিটি ব্যাংকের ৫৩টি শাখায় লটারি বিজয়ী টেলিটক গ্রাহকদের লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
প্রাইম ব্যাংকের মতিঝিল শাখায় অপেক্ষারত কয়েকজন টেলিটক গ্রাহক অতিরিক্ত করারোপের ব্যাপারে তাদের অসন্তুষ্টি প্রকাশ করে বলেন, যেহেতু ল্যান্ড ফোন থেকে ইনকামিং ফ্রি শুধুমাত্র সেকারণেই তারা টেলিটক নিচ্ছেন। নির্ধারিত ব্যাংকগুলোর অন্যান্য শাখাগুলো ঘুরেও একই চিত্র দেখা গেছে।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দুল্লাহ শনিবার বিডিনিউজকে জানান, লটারিতে বিজয়ীদের মধ্যে প্রতিদিনের জন্য নির্ধারিত গ্রাহকদের ৯৫ শতাংশই টেলিটকের সিম কার্ড সংগ্রহ করছেন।
জাতীয় রাজস্ব বোর্ডের এসআরও জারির পর ১৪ জুন থেকে কর্তৃপক্ষ সিম কার্ডের নির্ধারিত মূল্য ১৮০০ টাকার সাথে অতিরিক্ত ১২০০ টাকা কর আদায় করছে।
টেলিটক সূত্রে জানা যায়, লটারিতে বিজয়ীসহ এপর্যন্ত প্রায় ৪২,০০০ গ্রাহককে টেলিটকের সিম প্রদান করা হয়েছে। সূত্র আরও জানায়, ৪ জুন থেকে ৫০,০০০ লটারি বিজয়ীদের সিম কার্ড প্রদানের যে কার্যক্রম শুরু হয়েছে তা এই মাসের শেষ পর্যন্ত চলবে।
