২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ শীর্ষ বিশে: ইউরোপীয় ইউনিয়ন

ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়নে হিসেবে বাংলাদেশের স্থান শীর্ষ বিশটি আউটসোর্সিং ডেস্টিনেশনের মধ্যে রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 09:37 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

কমনওয়েলথ সচিবালয় সূত্রে শনিবার এ তথ্য জানা যায় ।

সূত্র বলেছে, কার্যক্ষেত্রে না হলেও নীতিগত দিক থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে এখনও সবার শীর্ষেই রাখা হয়েছে।

কমনওয়েলথ সচিবালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ডেভেলপমেন্ট অব স্মল বিজনেস আইসিটি স্ট্রাটেজিস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের ওপর আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করেন, কমনওয়েলথ সচিবালয়ের বিশেষ অ্যাডভাইজরি সার্ভিসেস ডিভিশনের অ্যাডভাইজর ও ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের প্রজেক্ট কনসালটেন্ট রাম ভেনুপ্রসাদ। এ ধরনের প্রকল্পের কাজ বাংলাদেশে এই প্রথম। এ প্রকল্পের আওতায় বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে সমস্যা ও সম্ভাবনা খতিয়ে দেখা হবে।

কমনওয়েলথ সচিবালয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগকারীদের ওপর পাঁচটি ক্ষেত্রে শনিবার ঢাকায় চারদিন ব্যাপী এক প্রশিক্ষণের আয়োজন করে।

প্রকল্পটির ব্যাপারে সাড়াদানকারী দেশের ২৯টি সফটওয়্যার কোম্পানির ওপর কমনওয়েলথ সচিবালয় এক জরিপ চালায়। জরিপে জানা যায়, শতকরা ৭০ভাগের বেশি ব্যবসায়িক প্রতিষ্ঠান কর্মচারী নিয়োগ ও সঠিক কর্মচারী বাছাইয়ে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়।

দক্ষ জনশক্তি ও পর্যাপ্ত ইন্টারনেট সংযুক্তিতে গুরুত্ব না দেওয়ায় বিপুল সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি খাতটি উন্নয়নের ধারা থেকে পিছিয়ে পড়ছে।

এ ব্যাপারে ই-গভর্নেন্সের ওপর জোর দেয়া হচ্ছে। অনলাইন সংযোগে আইনের প্রয়োগ, ইন্টারনেট ব্যবহারে অধিকতর সুযোগ প্রদান সর্বোপরি এ খাতে সরকারের ঘোষিত প্রতিশ্রুতির বাস্তব রূপায়নও এর আওতায় থাকছে।

রাম ভেনুপ্রসাদ বলেন, প্রশিক্ষণে মানব সম্পদ, মার্কেটিং, সঠিক অনুশীলন ও গুণগতমান এবং দক্ষতা বৃদ্ধির ওপর আলোকপাত করা হবে। এজন্য দেশের একজন প্রধান তথ্য কর্মকর্তা (সিআইওএস) নিয়োগ করা হবে।

প্রকল্প বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, শিঘ্রই তথ্য প্রযুক্তি বিষয়ক আইন-কানুন চালু করা হবে। এতে করে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নয়ন বিকাশে ও পরিবেশ তৈরিতে সহায়ক হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রেসিডেন্ট এসএম ইকবাল, বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আখতারুজ্জামান, বাংলাদেশ অ্যাসোসিয়েসন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বিএএসআইএস) ভাইস প্রেসিডেন্ট টিআইএম নুরুল কবির, মহাসচিব ফোরকান বিন কাসেম।

কমনওয়েলথ কারিগরি সহযোগিতা তহবিল (সিএফটিসি) ও কমনওয়েলথ সচিবালয়ের কারিগরি সহযোগিতা বিভাগ বাংলাদেশ আইসিটির সাথে একযোগে কাজ করেছে। তথ্য প্রযুক্তিতে অধিকতর সুযোগ তৈরির লক্ষ্যে এক বছর ব্যাপী এ প্রকল্পটি ২০০৪ সালে সেপ্টেম্বরে শুরু হয়।