২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার মাটি পাতাল রেল স্থাপনের সম্পূর্ণ উপযোগী বলে বিশেষজ্ঞদের অভিমত

ঢাকা শহরের মাটি পাতাল রেল এবং ভূগর্ভস্থ সড়ক যোগাযোগের জন্য সম্পূর্ণ উপযোগী বলে সংশ্লিষ্ট বিষয়ে এক গবেষণা রিপোর্টে মত প্রকাশ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 09:27 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

সম্প্রতি একদল বিশেষজ্ঞ কর্তৃক পরিচালিত এ সংক্রান্ত সম্ভাব্যতা যাচাই শেষে বৃহস্পতিবার এক সেমিনারে বলা হয় যে ঢাকা শহরের মাটির স্তর যে কোনো ধরনের ভূ -গর্ভস্থ নির্মাণের জন্য প্রতিবেশী অনেক দেশের চেয়েও অধিক উপযোগী।

বাংলাদেশ কনসালট্যান্টস লিমিটেডের প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র আয়োজিত ‘আর্থকোয়াক রিস্ক এসেসমেন্ট ইন বাংলাদেশ: ইঞ্জিনিয়ারিং জিওলজিক্যাল কনসিডারেশন ফর সাব সারফেস কন্সট্রাকশন ইন ঢাকা সিটি’ শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক মনিরুল হক।

বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের পরিচালক মীর ফজলুল করিম সেমিনারে ‘ইঞ্জিনিয়ারিং জিওলজিক্যাল কনসিডারেশন ফর কনসট্রাকশন অব আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচারস ইন ঢাকা সিটি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ড. আফতাব আলম খানও আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন।

মীর ফজলুল করিম তাঁর প্রবন্ধে বলেন, এখন থেকে সরকার ব্যবস্থা না নিলে ২০ বছর পর ঢাকা নগরীতে যান চলাচল দুঃসহ অবস্থায় গিয়ে দাঁড়াবে।

তিনি এজন্য পাতাল রেল ও সড়ক নির্মাণের সুপারিশ করেন।