মঙ্গলবার বিশ্ব টেলিযোগাযোগ দিবস
মঙ্গলবার ৩৭তম বিশ্ব টেলিযোগাযোগ দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো ‘ক্রিয়েটিং এন ইকুইটেবল ইনফরমেশন সোসাইটি : টাইম ফর এ্যাকশন’।
আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) ১৮৯টি সদস্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। ১৮৬৫ সালে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন প্রতিষ্ঠার স্মরণে বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া এমপি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার মো. আমিনুল হক এমপি পৃথক বাণী দিয়েছেন।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে সরকার মঙ্গলবার হোটেল শেরাটনে সকাল ১০টায় একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকও উপস্থিত থাকবেন।
এছাড়াও দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টিএণ্ডটি বোর্ড বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে আলোচনা অনুষ্ঠান ও বেতার কথিকা প্রচারের ব্যবস্থা নিয়েছে।
অন্যদিকে বিটিটিবিও দিবসটি উপলক্ষ্যে জাতীয় দৈনিক প্রত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং ‘বিসিএস টেলিকম সমিতি’ একটি সেমিনারের আয়োজনসহ সমিতির ‘টেলিটক’ জার্নালের একটি বিশেষ সংখ্যা প্রকাশ করছে।
মানুষের মৌলিক যোগাযোগ চাহিদা পূরণে টেলিগ্রাফ থেকে শুরু করে স্যাটেলাইট যোগাযোগ ও ইন্টারনেটের মাধ্যমে টেলিভিশন ও রেডিও সম্প্রচারের ফলে আন্তর্জাতিক টেলিযোগাযোগের কাজ অনেক দ্রুততর হয়েছে।
