২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েটে প্রিপেইড বৈদ্যুতিক মিটার এসেম্বলিং শুরু

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) রোববার ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ডেসকো) জন্য নিজস্ব প্রযুক্তিতে বৈদ্যুতিক প্রিপেইড মিটার আই-পাওয়ার এসেম্বল করার কাজ শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2005, 05:47 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

বিদ্যুৎ চুরি এবং সিস্টেম লস রোধের লক্ষ্যে ডেসকোর পাইলট প্রকল্পের জন্য বুয়েট প্রাথমিকভাবে ৪৫ মিলিয়ন টাকা ব্যয়ে পাঁচ হাজার বৈদ্যুতিক মিটার এসেম্বল করবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ রোববার বুয়েটের কাউন্সিল ভবনে এসেম্বল অনুষ্ঠানের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এই মিটার বিদ্যুৎ খাতের বিভিন্ন অনিয়ম এবং দূর্নীতি রোধ করবে এবং অর্থও সাশ্রয় হবে।

তিনি আরও বলেন, যত শিগগির সম্ভব এটা দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে দেয়া হবে।

বিদ্যুতের হাই ও লো ভোল্টেজ সমস্যার সমাধানে নতুন প্রযুক্তির উদ্ভাবন করতে মন্ত্রী বুয়েট কর্তৃপক্ষকে আহ্বান জানান।

পাওয়ার প্রজেক্টের প্রধান এবং বুয়েটের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. লুৎফুল কবির মিটারটি কিভাবে কাজ করবে তা তুলে ধরেন এবং এর উদ্ভাবনের পিছনের কথা প্রকাশ করেন।

আই-পাওয়ার ক্রেতাদের দুর্ভোগ কমাবে বলে তিনি দাবি করেন।

এই প্রিপেইড মিটারের দাম চার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে থাকবে বলে তিনি জানান।

ক্রেতাদের একটি স্থায়ী প্রিপেইড কার্ড থাকবে এবং এই কার্ড তারা ভেণ্ডিং স্টেশন থেকে রি-চার্জ করতে পারেবেন। আর ওই ভেন্ডিং স্টেশনগুলো স্থানীয় হেড কোয়ার্টার বা সিস্টেম মাস্টার স্টেশনের সাথে সম্পর্কযুক্ত থাকবে।

তিনটি পর্যায়ে এই মিটার বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে পাঁচশ, দ্বিতীয় পর্যায়ে দেড় হাজার এবং তৃতীয় ও শেষ পর্যায়ে তিন হাজার মিটার বিতরণ করা হবে।

বুয়েটের ভিসি প্রফেসর ড. আলী মোর্তজার সভাপতিত্বে আই-পাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডেসকোর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এএএম রব।