বুধবার রাজধানীতে ছয়দিনব্যাপী ইন্টারনেট মেলা শুরু হচ্ছে
নগরীর ভাসানী নভো থিয়েটারে বুধবার (এপ্রিল ২৭) থেকে ছয়দিনব্যাপী ইন্টারনেট মেলা শুরু হচ্ছে।
‘ফিল দ্য নেট’ শিরোনামের এই মেলায় ৫০টিরও বেশি কোম্পানি অংশ নেবে। বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) যৌথভাবে এ মেলার আয়োজন করবে।
সোমবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মেলার আহ্বায়ক আজহার এইচ চৌধুরী বলেন, ইন্টারনেট প্রযুক্তির বিভিন্ন ব্যবহার ও সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই হচ্ছে এ মেলার উদ্দেশ্য।
মেলায় ৭০ টিরও বেশি ষ্টল, বেশ কয়েকটি প্যাভিলিয়ন, ১৫টি বুথসহ একটি ইন্টারনেট ব্রাউজিং জোন, একটি মিডিয়া বুথ ও মেলায় আগত দর্শনার্থীদের জন্য একটি তথ্য কেন্দ্র থাকবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শকদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে আইএসপিএবি’র মহাসচিব এরশাদ শফি চৌধুরী, যুগ্ম সম্পাদক সুমন আহমেদ সাবের, মেলার যুগ্ম আহ্বায়ক জিয়া শামসি, মেলার আয়োজক কর্মকর্তা শোয়েব চৌধুরী, ভূঁইয়া এনাম লেলিন, হুমায়ুন খায়ের উপস্থিত ছিলেন।
মেলায় বেশ কয়েকটি সেমিনারের আয়োজন করা হবে। এগুলোর মধ্যে সর্বত্র ব্রডব্যাণ্ড-সাবমেরিন কেবল, রেড হাট লিনাক্স, কম্পিউটার বিচিত্রা এবং আমাদের আইসিটি ও ইন্টারনেট খাতের ১০ বছর, ব্যবসায় ইন্টারনেট সুবিধা ব্যবহার, ইন্টারনেট ও বাংলাভাষা, জীবনের জন্য উন্মুক্ত সূত্র : ডিটিপি, হোম এন্টারটেইনমেন্ট এবং বাংলা ওয়েব ব্রাউজিং, ইন্টারনেট এক্সচেঞ্জ, এইচএএম, সাবমেরিন কেবল, থ্রি জি ইন্টারনেট : বাংলাদেশে সমস্যা ও সম্ভাবনা এবং ইলেকট্রনিক ও ইন্টারনেট সাংবাদিকতা।
স্কুল ছাত্রদের জন্য উন্মুক্ত থাকলেও দর্শনার্থীদের মেলায় প্রবেশ মুল্য ধরা হয়েছে ১০ টাকা।
মেলায় স্থানীয় ও বিদেশী বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে।
