২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সনির কম্পিউটার গেম থেকে বাংলাদেশের রেফারেন্স প্রত্যাহার

সনি কম্পিউটার এন্টারটেনমেন্ট আমেরিকা (এসসিইএ) তাদের একটি গেমের সর্বশেষ ভার্সন থেকে বাংলাদেশের সকল রেফারেন্স প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। গেমটিতে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে কাল্পনিক সন্ত্রাসী তৎপরতা দেখানো হয়েছিল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 08:49 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

এসসিইএ জানায়, গেমসের একটি মিশনে বাংলাদেশের চিত্র দেখানোয় বেশ কিছু সম্প্রদায়ের বিরাগভাজনের ব্যাপারটি আমাদের দৃষ্টিগোচর হওয়ায় আমরা socom 3’র সর্বশেষ ভার্সনে বাংলাদেশের সমস্ত রেফারেন্স প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।

চলতি মাসের ১ তারিখে বিডিনিউজে সনির নতুন কম্পিউটার গেমসে বাংলাদেশকে জঙ্গিবাদী তিনটি দেশের একটি দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়। গেমসটিতে বিভিন্নস্থানে লুকিয়ে থাকা শত্রুর হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষার জন্য গেমের খেলোয়াড়রা লড়াই করবে। অন্য দুটি জঙ্গিবাদী দেশ হলো মরক্কো এবং পোল্যাণ্ড।

এ খবর প্রকাশিত হলে পররাষ্ট্র মন্ত্রলালয় ব্যাপারটি দ্রুত যুক্তরাষ্ট্র ও জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে অবহিত করে এবং সনি কম্পিউটার এন্টারটেনমেন্ট আমেরিকা ও টোকিওতে সনি ইনকর্পোরেটেডকে এ বিষয়ে বাংলাদেশের গভীর উদ্বেগের কথা জানাতে বলে।

গেমসে একটি অঞ্চলের চিত্র ব্যবহার করায় তা সন্ত্রাসবাদ নির্মূলে বদ্ধ পরিকর বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে বলে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সনি কম্পিউটার এন্টারটেনমেন্টকে জানান।

তবে সনি বাংলাদেশের রেফারেন্সের কথা অস্বীকার করে।

সনি জানায়, socom 3  গেমসে বাংলাদেশের কোনও সন্ত্রাসী বা অপরাধ কার্যক্রমের রেফারেন্স দেওয়া হয় নি। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তা প্রত্যাহার করা হচ্ছে। একটি বৈশ্বিক কোম্পানি হিসেবে সনি কম্পিউটার এন্টারটেনমেন্ট আমেরিকা সামাজিক দায়বদ্ধতার প্রতি গুরুত্বশীল।

এসসিইএ জানায়, socom গেমস কখনই কোনও সরকার বা দেশকে সন্ত্রাসীবাদে তৎপর হিসেবে উপস্থাপন করে করেনি। এামনকি ব্যবহৃতস্বাধীন সন্ত্রাসী গোষ্ঠিগুলোকেও কাল্পনিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হয়েছে।

ডিজিটাল ক্যামেরার সাহায্যে তোলা চট্টগ্রামের পাহাড়ি এলাকার ছবি গেমসের পরিবেশকে আরও বাস্তবমুখি করেছে।

গেমসে বাংলাদেশ এবং অন্য দুই দেশের বিভিন্নস্থানকে যুদ্ধের জন্য ব্যবহার করা হয়েছে, যা বাংলাদেশের এবং দেশের বাইরের মানুষদেরকেও বিস্মিত করেছে।

‘ব্যাপারটি একেবারেই ফালতু’, গেমস্পট অনলাইন ফোরামে একটি প্রতিবাদলিপিতে এভাবেই এক বাংলাদেশী তার প্রতিবাদ জানিয়েছে।

প্রতিবাদে তিনি লেখেন, সকল গেমারকে জানাতে চাই যে বাংলাদেশে সন্ত্রাসীদের কোনও প্রমানিত ঘাঁটি নেই। আমি বাংলাদেশের একজন নাগরিক। সম্ভাব্য সন্ত্রাসী তালিকায় আমার মাতৃভূমির নাম সংযোজনের তীব্র প্রতিবাদ করছি।

আমরা যদি ধনী এবং প্রভাবশালী দেশ হতাম তাহলে সনি এই তালিকায় আমার দেশের নাম সংযোজনের সাহস পেতো না। আমরা কোনও বিতর্কিত যুদ্ধে জড়িয়ে পড়িনি, কোনও শীতল যুদ্ধেও জড়াইনি। আমাদের দেশকে সন্ত্রাসীদের আখড়াও প্রমাণ করতে পারে নি।