২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাহরাইনে তথ্যপ্রযুক্তির ওপর এশিয়ার দেশগুলোর মন্ত্রি পর্যায়ের সম্মেলন শুরু

তথ্য প্রযুক্তির (আইটি) ওপর এশিয়ার দেশগুলোর মন্ত্রি পর্যায়ের সম্মেলন সোমবার বাহরাইনের মানামায় অবস্থিত আর্ন্তজাতিক প্রদর্শণী কেন্দ্রে শুরু হয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 04:11 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বিজ্ঞান ও তথ্য এবং প্রযুক্তি মন্ত্রি ড. আব্দুল মঈন খান  বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ওই সম্মেলনে যোগ দিয়েছেন। তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে একথা বলা হয়েছে।

সম্মেলনে মঈন খান বলেন, বিশ্বায়নের বর্তমান প্রেক্ষাপটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শুধু একটি টেকনোলজি নয়, সার্বিকভাবে একটি জাতির আর্থ সামাজিক পরিবর্তনে অন্যতম হাতিয়ার। এছাড়া তথ্য প্রযুক্তি দারিদ্র্য বিমোচন এবং ডিজিটাল বিভাজন সরিয়ে ফেলার ক্ষেত্রেও ভূমিকা রাখছে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বর্তমান সরকার আইসিটি খাতকে সর্বাধিক অগ্রাধিকার দিয়েছে। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি তথ্য, যোগাযোগ এবং প্রযুক্তি নির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের আইসিটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

 ড. মঈন খান আরও বলেন, সকল ক্ষেত্রে স্বচ্ছতা এবং গণতন্ত্র শক্তিশালী করার লক্ষ্যে সরকার ই-গভর্নেন্স প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম এক্ষেত্রে যথেষ্ট মেধার পরিচয় দিয়েছে এবং তাদের উদ্ভাবিত সফটওয়ার এবং আইটি পণ্য এখন বিশ্বখ্যাত।

তিনি সম্মেলনে এখাতে সংশ্লিষ্টদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহবান জানান। প্রসঙ্গত যে, এশিয়ার ৩২টি দেশের মন্ত্রিরা সম্মেলনে যোগ দিয়েছে।