তিউনিসিয়ায় বুধবার বিশ্ব তথ্যসমাজ সম্মেলন শুরু
দারিদ্র বিমোচনসহ উন্নয়নের সকল ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের লক্ষ্য নিয়ে তিউনিসিয়ায় বুধবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিশ্ব তথ্যসমাজ সম্মেলন।
সম্মেলনে বাংলাদেশের পক্ষে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মেসবাহুল আলম সম্মেলনে যোগ দিচ্ছেন।
তিউনিসের ক্রাম পাল-এক্সপো'তে এ সম্মেলনে বিশ্বের ৫০ টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নিচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
সবার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-এ শ্লোগানকে সামনে রেখে ১৫ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন। সম্মেলনে উন্নত ও উন্নয়নশীল দেশের বিভিন্ন প্রতিষ্ঠান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে তাদের নতুন নতুন ধারণা উপস্থাপন করবে এবং পরস্পরের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় ঘটবে। এছাড়া এ সম্মেলন তথ্য প্রযুক্তির মধ্য দিয়ে বিভক্তি তৈরি হয়েছে সে ক্ষেত্রে সেতুবন্ধ রচনা করতে রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতাদের পরস্পরের কাছাকাছি নিয়ে আসবে।
সম্মেলনে ৪০ হাজার দর্শনার্থী উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকরা।
সম্মেলনে ২০০৩ সালে জেনেভায় গৃহীত উচ্চাভিলাষী এজেন্ডাটি বাস্তবায়নের লক্ষ্যে যাচাই করে দেখা হবে।
জেনেভায় ঘোষণায় বিশ্বের ১৭২ দেশ একটি অভিন্ন তথ্যসমাজ গঠনের লক্ষ্যে প্রধান নীতিমালা ও করণীয়গুলোর অনুমোদন দেয়।
জেনেভা এজেন্ডার লক্ষ্য হচ্ছে ২০১৫ সালের মধ্যে কমিউনিটি ও গ্রাম পর্যায়ে এবং স্কুল, বিশ্ববিদ্যালয়, গবেষণাকেন্দ্র, পাঠাগার, স্বাস্থ্যকেন্দ্র, স্থানীয় ও কেন্দ্রীয় সরকারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আওতায় নিয়ে আসা।
এ সম্মেলন জেনেভা এজেন্ডার প্লান অব অ্যাকশনাগামী দু বছরের মধ্যে বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে।
জাতিসংঘ মহাসচিব কফি আনান এবং জাতিসংঘের সহযোগিতায় জাতিসংঘের টেলিকমিউনিকেশন বিষয়ক সংস্থা ও আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন এ সম্মেলনের আয়োজন করছে।
কার্যকর তথ্য ও যোগাযোগ নিয়মিত করার ক্ষেত্রে বাধা অপসারণের মাধ্যমে ব্রডব্যান্ড পরিবেশ উন্নয়নের উপায় খুঁজে বের করার লক্ষ্যে আন্তর্জাতিক টেলিকমিউনিকশেন ইউনিয়নের গ্লোবাল সিম্পোজিয়াম ফর রেগুলেটর (জিএসআর) তিউনিসের ইয়াসমাইন হামামেটে ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
