২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের অনাগ্রহে দেশে ভিওআইপি এখনো অবৈধ, শাত কোটি টাকা আয়ের সুযোগ হাতছাড়া

ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল (ভিওআইপি ) বিম্ভব্যাপী স্বীকৃতি পেলেও-এর ব্যবহার বাংলাদেশে এখনো বৈধ হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আরাফাতুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2005, 05:52 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

অথচ তা বৈধ হলে দেশে আউটসোর্সিংয়ের প্রচুর কাজ আসতো। পাশাপাশি তথ্য প্রযুত্তি নির্ভর সেবা এবং ভয়েস সেবাও সহজলভ্য হয়ে যেত বলে জানিয়েছেন দেশের বেশ কয়েকজন তথ্য ব্যবসায়ী।

এসব ব্যবসায়ীর অভিযোগ সরকার নিদিষ্ট কিছু প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষণের জন্য ভিওআইপিকে অবৈধ করে রেখেছে।

ভিওআইপি বৈধ করা হলে দেশে প্রতি বছর প্রায় ১০০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আসবে। পাশাপাশি রাজস্ব খাতে সরকারের আয়ও অনেক বাড়বে বলে জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি)’র সভাপতি আক্তারুজ্জামান মঞ্জু। তিনি আরো বলেন , ভিওআইপি যেখানে বিশ্বব্যাপী স্বীকৃত সেখানে আমরা এখনো এই সুবিধা নিতে পারছি না। সরকার অজ্ঞাত কারণে ভিওআইপিকে অবৈধ করে রেখেছে। অথচ ভিওআইপি বৈধ করা হলে দেশে কল সেন্টারের প্রচুর কাজ আসবে। আর এই খাতে কাজের পরিমান এতো বেশি হবে যে প্রথম দুই বছরে প্রায় এক লক্ষ লোকের কর্মসংস্থান হবে।

দেশে ভিওআইপি এখনো অবৈধ থাকার কারণ প্রসঙ্গে বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি মোস্তফা জব্বার বলেন, বর্তমান সরকারের আশীর্বাদপুষ্ট কিছু লোক এখন অবৈধভাবে ভিওআইপি ব্যবহার করছে। এদের ব্যবসাকে টিকিয়ে রাখতেই সরকার ভিওআইপিকে বৈধ করছে না। বিএনপির বর্তমান মহাসচিব তারেক জিয়া ২০০১ সালে বগুড়ায় এনআইআইটির এক শাখা উদ্বোধনী অনুষ্ঠানে শীঘ্রই ভিওআইপি বৈধ করার ঘোষণা দেন। ২০০২ সালে প্রধানমন্ত্রী স্বয়ং আইসিটি টাস্কফোর্সের মিটিংয়ে ভিওআইপি বৈধ করার ঘোষণা দেন। কিন্তু তাদের কারো কথাই এখনো বাস্তবে রূপ নেয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, সরকার নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষনের জন্য ভিওআইপি বৈধ করছে না। অথচ এটি বৈধ করে দিলে দেশের আইএসপিগুলো তাদের সেবার পরিধি আরো অনেক বাড়াতে পারবে।

বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত ও নেপাল আইপি’র মাধ্যমে প্রচুর পরিমানে বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এ প্রসঙ্গে স্কাইবিডি’র প্রধান নির্বাহী কর্মকর্তা শোয়েব চৌধুরী জানান, ভিওআইপি বৈধ হলে আমরাও আমেরিকা, ইউরোপ জার্মানির মতো দেশে থেকে আউটসোর্সিংয়ের প্রচুর কাজ পাবো। দেশের অনেক প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তি নির্ভর সেবা প্রদানে সক্ষম হবে। ফলে রাজস্ব খাতে সরকারের আয়ও অনেক বাড়বে।

দেশে বর্তমানে অবৈধভাবে প্রচুর ভিওআইপি করা হচ্ছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ব্যবসায়ী। তারা জানান, অনেক ব্যবসায়ীই বর্তমানে ভিওআইপি’র মাধ্যমে অবৈধভাবে ভয়েস নির্ভর সেবা দিচ্ছে। এ বিষয়ে আক্তারুজ্জামান মঞ্জু বলেন, অবৈধ ভিওআইপি ব্যবসায়ীদের ৫০ থেকে ৩০০ টি টেলিফোন লাইন আছে এবং এ সম্পর্কে বিটিটিবি অবগত। তাই সরকার চাইলেই অবৈধ ভিওআইপি ব্যবসায়ীদের সনাক্ত করতে পারবে।

বর্তমানে প্রায় ৫৫ লাখ বাংলাদেশী নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছে। ভিওআইপি বৈধ হলে তারা খুব কম খরচে বৈধ উপায়ে দেশের সঙ্গে ভয়েস নির্ভর যোগাযোগ রক্ষা করতে পারবে। ফলে বৈধ পথে প্রতি বছর কয়েকশ’ কোটি টাকার বৈদেশিক মুদ্রা আসবে বাংলাদেশে।