২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঢাকা ঘোষণা’ গ্রহণের মধ্য দিয়ে ‘তথ্য সমাজ গঠন : তিউনিসের পথে’ শীর্ষক কর্মশালা সমাপ্ত

বিশ্বব্যাপী মানবমুখী, উন্নয়ন কেন্দ্রীক ও জ্ঞানভিত্তিক তথ্য সমাজ গঠনের আহবান সম্বলিত ঢাকা ঘোষনা গ্রহনের মধ্য দিয়ে ‘ তথ্য সমাজ গঠন : তিউনিসের পথে’ শীর্ষক তিনদিনের আন্তর্জাতিক কর্মশালা মঙ্গলবার শেষ হয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 08:01 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

রাজধানীর ভাসানী নভোথিয়েটার অডিটরিয়ামে কর্মশালার শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে বিশ্বের ২৩টি দেশের আইসিটি সংশ্লিষ্ট সরকারি, বেসরকারি প্রতিনিধি, শিক্ষাবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সর্বসম্মত ভাবে ঢাকা ঘোষনা অনুমোদন করেন। কর্মশালার সমাপনী অধিবেশনে সঞ্চালক ছিলেন বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খান। এ কর্মশালায় গৃহীত ঢাকা ঘোষনার ভিত্তিতেই নবেম্বরে তিউনিশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্ব তথ্য সমাজ সম্মেলনে বাংলাদেশ তার অবস্থান ও কৌশল তুলে ধরবে।

ই-গভর্নেন্স, স্বচ্ছতা ও জবাবদিহিতা, সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা, ইন্টারনেট গভর্নেন্স ও নিরাপত্তা, ই-কনটেন্ট ও সৃজনশীলতা, গ্রামীণ ও সার্বজনীন অভিগম্যতা, দারিদ্র দুরীকরন, সলিডারিটি ফান্ড গঠন, সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের আইসিটি খাতের মাধ্যমে সার্বিক উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করা সহ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনার পর ঢাকা ঘোষনা গৃহীত হয়।

এ ঘোষনায় বলা হয়, তথ্য প্রযুক্তি দারিদ্র বিমোচন, ক্ষুধা, রোগ, নিরক্ষরতা, পরিবেশন দুষন এবং লিঙ্গ বৈষম্যের মতো সমস্যাগুলোর সমাধান করে জাতিসংঘের সহস্রাব্দ উন্ন্য়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ঘোষনায় তথ্য সমাজের প্রাথমিক লক্ষ্য ও উদ্দেশ্য উল্লেখ করে বলা হয়, সমাজের সর্বত্রই তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সবার জন্য মৌলিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অভিগম্যতা নিশ্চিত করতে হবে।

এতে আরো বলা হয়, জ্ঞান ভিত্তিক তথ্য সমাজের ধারনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে সহজবোধ্য ভাষায় উপস্থাপন করবে। যাতে মানুষ পুরো সুবিধাই ভোগ করতে পারে ্এবং স্থিতিশীল অর্থনৈতিক ও সম্ভাবনার সামাজিক উন্নয়নকে উদ্বুদ্ধ করে অংশীদারিত্ব মূলক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সহায়তা করতে পারে। এর মাধ্যমে স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা এবং সুশাসন নিশ্চিত করে মানুষের জীবন মান আরো সুনিশ্চিত করা সম্ভব হবে।

ঢাকা ঘোষনায় বিশ্ব তথ্য সমাজ সম্মেলনের আয়োজন করায় জাতিসংঘ ও ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এর ভুমিকার প্রশংসা করা হয়। প্রসঙ্গত, দুই পর্বে আয়োজিত এ সম্মেলনের প্রথম পর্ব ২০০৩ সালে জেনেভায় অনুষ্ঠিত হয়। জেনেভা সম্মেলনে গৃহীত নীতিমালা ও কর্মসূচী বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হবে তিউনিসে অনুষ্ঠেয় সম্মেলনে।

সমাপনী অনুষ্ঠানে ঢাকা ঘোষনা গ্রহন ছাড়াও তিনটি কর্মঅধিবেশন অনুষ্ঠিত হয়। ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে ‘রুরাল একসেস টু আইসিটি এস এ ব্রিজ টু রিমোভ দি ডিজিটাল ডিভাইড ’ শীর্ষক অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করেন গ্রামীণ ফোনের ব্যবস্থাপনা পরিচালক এরিক অস। আলোচনায় অংশ নেন যুক্তরাজ্যের স্টিফেন ইয়ং, কোরিয়া টেলিকমের প্রজেক্ট ম্যানেজার চিওন দো পার্ক, তিউনিশিয়া আইটি চেম্বারের ফৌজি জাগবিব ও ব্রাজিলিয়ান চেম্বার অব ই কমার্সের নির্বাহী পরিচালক সিআইডি তরকুয়াতো।

ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী বলেন, আইসিটি সুবিধা না নিলে একটি দেশের উন্নয়নের গতি ধীর হয়ে যাবে। আইসিটি অর্থনীতিকে গতিশীল করে যা সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করে। তিনি বলেন, তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ঠিকই কিন্তু গতি অত্যন্ত ধীর। আইসিটি অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। এগুলো নিশ্চিত করলে বাংলাদেশের প্রচলিত উন্নয়নের চেয়ে আরো বেশি গতিতে উন্নয়ন হবে সমাজের সব ক্ষেত্রেই।

বক্তারা বলেন, ডিজিটাল ডিভাইড কমিয়ে আনতে গ্রামীণ এলাকায় আইসিটি সুবিধা নিশ্চিত করা দরকার। কারণ উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর অধিকাংশ মানুষই গ্রামে বাস করে। তাদের বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়।

দ্বিতীয় অধিবেশনে ব্র্যাকের নির্বাহী পরিচালক আব্দুল মুয়ীদ চৌধুরীর সভাপতিত্বে রোল অব সিভিল সোসাইটি এন্ড দি প্রাইভেট সেক্টর ইন বিল্ডিং ইনফরমেশন সোসাইটি শীর্ষক অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাইক্রোসফট এশিয়া প্যাসিফিকের জেনারেল ম্যানেজার মি. ফেকল বাউশলাজেম। আলোচনায় অংশ নেন বাংলাদেশ এসোসিয়েনশ অফ সফটওয়্যার ইনফরমেশন সার্ভিসেস-এর সভাপতি সারওয়ার আলম, এনজিও নেটওয়ার্কস ফর রেডিও এন্ড কমিউনিকেশন প্রধান নির্বাহী এ এইচ এম বজলুর রহমান এবং ইন্দোনেশিয়ার ইনফরমেটিকস প্রফেশনাল ডেভেলপমেন্ট সেন্টারের প্রোগ্রাম ডিরেক্টর জোসেফাইন কেকডাক।

আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, তথ্য সমাজ গঠনে সুশীল সমাজ ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করা উচিত। প্রযুক্তি ্ৈবষম্য কমিয়ে আনতে সরকারি ও বেসরকারি খাতে পারস্পারিক সহযোগিতা অত্যন্ত গুরত্বপূর্ণ। বক্তারা বলেন, বেসরকারি খাতের অংশগ্রহণ সহজ করতে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করতে হবে। আর এ ক্ষেত্রে সরকারের ভুমিকা অত্যন্ত গুরত্বপূর্ণ। বক্তারা আইসিটি খাতে বেসরকারি উদ্যেক্তাদের অংশগ্রহণ প্রক্রিয়া সহজ ও সাধারন করা উচিত বলেও মত প্রকাশ করেন।

একই সময়ে অনুষ্ঠিত অপর অধিবেশনে ইউএনডিপির ডেপুটি আবাসিক প্রতিনিধি মি. ল্যারী ম্যারামিসের সভাপতিত্বে ই গভর্নেন্স : পথ টোয়ার্ডস ইমপ্রোভড সিটিজেন সার্ভিসেস শীর্ষক অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার মাইক্রোসফট এশিয়া প্যাসিফিকের পরিচালক মি. জাহিদ হামজা। আলোচনায় অংশ নেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এস এম ইকবাল, পাকিস্তানের ব্যারিস্টার জাহিদ জামিল এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ড. আমিনুল হক। বক্তারা বলেন, ই-গভর্নেন্স সার্বিক কার্যক্রমকে অত্যন্ত সহজ করে। উন্নত নাগরিক সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে এটি একটি চমৎকার উপায় হতে পারে।

প্রসঙ্গত, ওয়ার্ল্ড সামিট এওয়ার্ডের সহায়তায় বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ও ইউএনডিপি ঢাকায় এ আর্ন্তাতিক কর্মশালার আয়োজন করে। ১৬ থেকে ১৮ নবেম্বর’২০০৫ এ তিউনিশিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্ব তথ্য সমাজ সম্মেলনকে সামনে এ কর্মশালায় দেশী বিদেশী বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। কর্মশালার পাশাপাশি নভোথিয়েটারে ‘ বাংলাদেশ শো কেস এবং ডব্লিউএসএ রোড শো ’ আয়োজন করা হয়। বাংলাদেশ শো-কেস’ এ দেশের বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত বিপুল সংখ্যক প্রতিষ্ঠান তাদের কার্যক্রম প্রদর্শন করেছে।