২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিটির মাধ্যমে লিঙ্গ বৈষম্য হ্রাস ও নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

তথ্য প্রযুক্তির শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে লিঙ্গ বৈষম্য হ্রাস ও নারীর অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেয়ার আহবান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশে বিপুল সংখ্যক নারী আইসিটি কর্মীর প্রয়োজন হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2005, 06:47 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

‘তথ্য সমাজ গঠন : তিউনিসের পথে’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালার দ্বিতীয় দিনে সোমবার মাওলানা ভাসানী নভোথিয়েটার মিলনায়তনে তিনটি কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়। এসব অধিবেশনে তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অবকাঠামো উন্নয়নে সরকারসমূহকে যথোপযুক্ত পরিবেশ নিশ্চিত করার আহবান জানানো হয়। যাতে করে বেসরকারি খাত এ থেকে পর্যাপ্ত সুবিধা গ্রহণ করে উন্নয়নে ভুমিকা রাখতে পারে।

কর্মশালায় বক্তারা বলেন, মানবমুখী ই-গভর্ণনেন্স’র জন্য সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ন এবং কোন ভালো সরকারই ই-গভর্ননেন্স থেকে বিচ্ছিন্ থাকতে পারেনা। সকালে জেন্ডার এ্যান্ড আইসিটি শীর্ষক প্লেনারী অধিবেশনে সভাপতিত্ব করেন দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এডভোকেট রোখসানা খন্দকার। প্রবন্ধ উপস্থাপন করেন ইন্দোনেশিয়ার ইনফরমেটিকস প্রফেশনাল ডেভেলপমেন্ট সেন্টারের প্রোগ্রাম ডিরেক্টর ড. জোসেফাইন কেকডাক। আলোচক ছিলেন ইউএনডিপির ড. নাজমুস এস সাদিক, উগান্ডার ড. মিলটন আইনেরুহাঙ্গা ও যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের জাবিনা মাহমুদ চৌধুরী।

বক্তারা বলেন, আইসিটি বিশ্বকে সমান করে দিয়েছে। কিন্তু তা ব্যবহারের ক্ষেত্রে নারীরা অনেক পিছিয়ে আছে। অথচ আইসিটি প্রফেশনাল হিসেবে নারীদের গ্রহণযোগ্যতা অনেক বেশি। তাই এখাতে সরকারকে জাতীয় বাজেটে বরাদ্দ আরো বাড়াতে হবে এবং এক্ষেত্রে সরকারি নীতিমালা থাকা উচিত। অধিবেশনে জানানো হয়, আগামী পাঁচ বছওে বাংলাদেশে অন্তত ৮৫ হাজার আইসিটি কর্মী দরকার হবে। উদ্যোক্তারা বেশি নারী আইসিটি কর্মী প্রত্যাশা করছেন।

ফিন্যান্সিং ফর আইসিটি ইনফ্রাস্ট্রাকচার এন্ড সলিডারিটি ফান্ড শীর্ষক অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. সালেহউদ্দিন আহমেদ। প্রবন্ধ উপস্থাপন করেন ফিনল্যান্ডের ড. পেটেরি তেরহো। আলোচনায় অংশ নেন জার্মান এসোসিয়েশন অব ডিজিটাল ইকোনমির বোর্ড মেম্বার মি. আলেকজান্দ্রার ফেলসেনবার্গ, আইএসপিএ বাংলাদেশের সভাপতি মি. আখতারুজ্জামান মনজু ও বাংলাদেশ ইন্টারনেট সোসাইটির সভাপতি ড. হাকিকুর রহমান।

অধিবেশনে মুক্ত আলোচনায় বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রী ড. আব্দুল মঈন খান বিনিয়োগে বেসরকারি খাতের অংশগ্রহনের উপর গুরুত্ব দিয়ে বলেন, আইসিটি পণ্যের দাম দিন দিন কমছে, তারপরও তা আমাদের মতো দরিদ্র দেশের জনগোষ্ঠীর আয়ত্তের বাইরে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, সরকার এ খাতে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তি অবকাঠামো উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত তহবিল গঠন করেছে এবং এতে আইসিটি খাতকে প্রাধান্য দেয়ার কথা বলা হয়েছে। অন্যান্য বক্তারা আইসিটি অবকাঠামো উন্নয়নের অর্থায়নের গ্রামীণ এলাকাকে প্রাধান্য দেয়ার উপর গুরুত্বারোপ করেন। ড. সালেহউদ্দিন বলেন, ব্যবসা করা সরকারের কাজ নয়। সরকার নীতিমালা প্রণয়ণ করবে ও পরিবেশ নিশ্চিত করবে। যাতে করে বেসরকারি খাত এগিয়ে আসতে পারে। তিনি সরকার ও বেসরকারি খাতের পারস্পারিক সহযোগিতার উপর জোর দেন।

ইন্টারনেট গভর্ণেন্স এন্ড টেলিকম রেগুলেশন শীর্ষক তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন বিটিআরসি চেয়ারম্যান মুহাম্মদ ওমর ফারুক। প্রবন্ধ উপস্থাপন করেন শ্রীলংকা ইউএনডিপির চানুকা ওয়াতেগামা। আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্র আইসিএএনএন পরিচালক মি. মোহাম্মদ শরীল তারমিজি, বেলজিয়াম ইন্টারনেট সোসাইটির সভাপতি মি. রুডি ভান্সনিক ও যুক্তরাজ্যের জিএসএম এসোসিয়েশনের পরিচালক মি. গাব্রিয়েল সলোমন। ই গভর্নেন্সের ক্ষেত্রে সরকারের ভুমিকাকেই বেশি গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে বক্তারা বলেন, ই-গভর্ণেন্স’ প্রতিষ্ঠায় সুশাসন সাহায্য করে থাকে। তবে ই-গভর্ণনেন্স কে অবশ্যই মানব উন্নয়নমুখী হতে হবে।

এক জরিপের উদ্ধৃতি দিয়ে শ্রীলংকায় ইউএনডিপি রিজিওনাল সেন্টারের চানুকা ওয়াতেগামা বলেন, ৯২ ভাগ মানুষ মনে করে ইন্টারনেট সবার কাছে সহজলভ্য হওয়া উচিত। ৭০ ভাগ ই-গভর্ণন্সে থেকে উপকৃত হওয়ার তথ্য দিয়েছেন। অধিবেশনে জানানো হয় বিশ্বের ৮০ ভাগ মানুষ মোবাইল নেটওয়ার্কের আওতায় থাকলেও নেটওয়ার্কে সংযুক্ত রয়েছেন মাত্র ৩৮ ভাগ মানুষ।

বক্তারা আইসিটি সুবিধা গ্রহণ ও ই গভর্নেন্স সহ সব ক্ষেত্রেই বেসরকারি খাত ও সুশীল সমাজের মধ্যে পারস্পারিক সহযোগিতার উপর গুরুত্ব দেন। তারা এ ক্ষেত্রে সাইবার ক্রাইম সহ আইসিটি নেতিবাচক ভাবে ব্যবহৃত হতে পারে এমন ক্ষেত্রগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার আহবান জানান।

তৃতীয় ও সমাপনী দিনে মঙ্গলবার ঢাকা ঘোষনার মধ্য দিয়ে সমাপ্ত হবে তিনদিনের এ আন্তর্জাতিক কর্মশালা। বিকেলে সমাপনী অধিবেশনে সঞ্চালকের দায়িত্ব পালন করবেন বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খান। এ অধিবেশনে তিনদিনের কর্মশালার ভিত্তিতে ঢাকা ঘোষনা প্রকাশ করা হবে। এর ভিত্তিতেই আগামী মাসে তিউনিসে ওয়ার্ল্ড সামিটে বক্তব্য উপস্থাপন করবে বাংলাদেশ। এর আগে সকালের অধিবেশনে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে ‘রুরাল একসেস টু আইসিটি এস এ ব্রিজ টু রিমোভ দি ডিজিটাল ডিভাইস ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন গ্রামীণ ফোনের ব্যবস্থাপনা পরিচালক এরিক অস। দ্বিতীয় অধিবেশনে ব্র্যাকের নির্বাহী পরিচালক আব্দুল মুয়ীদ চৌধুরীর সভাপতিত্বে রোল অব সিভিল সোসাইটি এন্ড দি প্রাইভেট সেক্টর ইন বিল্ডিং ইনফরমেশন সোসাইটি শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন মি. ফেকল বাউশলাজেম। একই সময়ে তৃতীয় ও শেষ কর্মঅধিবেশনে ইউএনডিপির ডেপুটি আবাসিক প্রতিনিধি ল্যারী ম্যারামিসের সভাপতিত্বে ই গভর্নেন্স : পথ টোয়ার্ডস ইমপ্রোভড সিটিজেন সার্ভিসেস শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন মালয়েশিয়ার মাইক্রোসফট এশিয়া প্যাসিফিকের পরিচালক জাহিদ হামজা।