২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ জনগোষ্ঠীকে আইসিটি সুবিধার আওতায় আনার আহ্বান

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহার করে গণতন্ত্রকে শক্তিশালী এবং সরকারের স্বচ্ছতা নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠার আহবান জানানোর মধ্য দিয়ে ঢাকায় তিনদিনব্যাপী ‘তথ্য সমাজ প্রতিষ্ঠা : তিউনিসের পথে’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2005, 07:15 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

রোববার কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান থেকে উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে উন্নয়নশীল দেশগুলোর গ্রামীণ জনগোষ্ঠীকে আইসিটি সুবিধার আওতায় আনতে নীতি নির্ধারক এবং সরকারগুলোর প্রতি আহবান জানানো হয়।

রাজধানীর ভাসানী নভোথিয়েটার মিলনায়তনে ওয়ার্ল্ড সামিট আওয়ার্ড এর সহায়তায় এ কর্মশালার আয়োজক বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং ইউএনডিপি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খান। বিশেষ অতিথি ছিলেন ভুটানের তথ্য ও যোগাযোগ মন্ত্রী লায়নপো লেকি দর্জি ও বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ইয়র্গেন লিসনার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সচিব মিয়া মুশতাক আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন ইউএনডিপি’র ডেপুটি আবাসিক প্রতিনিধি লেরি ম্যারামিস। উদ্বোধনী অনুষ্ঠানে পরে মন্ত্রী নভোথিয়েটারে ‘বাংলাদেশ শো কেস এবং ডব্লিউএসএ রোড শো’ র আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও স্টলগুলো ঘুরে দেখেন। বাংলাদেশ শো-কেস’এ দেশের বিভিন্ন তথ্য প্রযুক্তি সম্পর্কিত প্রতিষ্ঠান তাদের কার্যক্রম প্রদর্শন করছে।

প্রসঙ্গত, তিউনিশিয়ায় আগামী মাসে অনুষ্ঠিতব্য তথ্য সমাজ বিষয়ক ওয়ার্ল্ড সামিটে অংশ নিতে বাংলাদেশের প্রস্তুতির অংশ হিসেবে ঢাকায় এ আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালায় বাংলাদেশ সহ পনেরটি দেশের বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, তথ্য যোগাযোগ প্রযুক্তি ধনী দরিদ্রে ব্যবধান সৃষ্টি করছে বলে যে অভিযোগ করা হচেছ তা মোটেও সত্যি নয়। বরং বিভক্তি ও বৈষম্য দুর করতে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিকতর সহায়তা করতে পারে। তথ্য যোগাযোগের নতুন নতুন প্রযুক্তি সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। গ্রামে গঞ্জে সাধারন মানুষের কাছে এ শক্তিশালী হাতিয়ার আমরা তুলে দিতে চাই। আমাদের ৭০ ভাগ লোকই গ্রামে বাস করে। তাদের দোড়গোড়ায় এ প্রযুক্তি পৌঁছে দিতে হবে। যাতে করে মানুষ তথ্য প্রযুক্তি ব্যবহার করে জনগণ সরাসরি মন্ত্রীদের কাছ থেকে তাদের প্রশ্নের উত্তর পেতে পারে।

তিনি বলেন, অভিগম্যতা, সহজপ্রাপ্যতা এবং সচেতনতা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে তিনটি প্রধান চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে। এ জন্য জনগণের কাছে তথ্য প্রযুক্তির ন্যূনতম অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে হবে। সহজ ব্যবহারোপযোগীতা, সর্বাধুনিক প্রযুক্তি, এবং স্বল্পমূল্য-তথ্য প্রযুক্তির এ তিনটি মৌলিক সুবিধার উল্লেখ করে মন্ত্রী বলেন, এগুলোর মাধ্যমেই সমাজে কার্যকর পরিবর্তন আনা সম্ভব। তথ্য সমাজ গঠনে তিউনিসে আসন্ন ওয়ার্ল্ড সামিটে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, এক ঝাঁক তরুনের মেধা ও উৎকর্ষতা নিয়ে আমরা তিউনিস যাচ্ছি। জেনেভায় ২০০৩ সালে অনুষ্ঠিত ওয়ার্ল্ড সামিটে যেসব লক্ষ্য অর্জনের কথা বলা হয়েছিলো বাংলাদেশ তা অর্জনে অনেকদুর এগিয়ে গেছে।

বিশেষ অতিথির বক্তৃতায় ভুটানের তথ্য ও যোগাযোগ মন্ত্রী লায়নপো লেকি দর্জি বলেন, সুশাসন নিশ্চিত করতে বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় জনগনের তথ্য প্রাপ্তির অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তথ্য প্রাপ্তির অধিকারকে অন্যতম মৌলিক অধিকার হিসেবে ভুটানের খসড়া সংবিধানে গৃহীত হয়েছে। প্রযুক্তির ক্ষমতা অত্যন্ত বিশাল। আইসিটির মাধ্যমে তার দেশে বিভিন্ন পেশার লোকজন উপকৃত হয়েছে। জনগণের জন্যই তথ্য প্রযুক্তি, প্রযুক্তির জন্য জনগণ নয়। তিনি বলেন, আমরা বর্তমানে গ্রামীণ কমিউনিটিগুলোতে তথ্যের প্রয়োজন গুলো চিহ্নিত করছি। গ্রামীণ এলাকায় উইফি প্রযুক্তি ব্যবহারের জন্য পদক্ষেপ নেয়া হয়েছে। যাতে করে দেশের সর্বত্র এবং অনগ্রসর এলাকা এ সুবিধা পৌাছানো যায়।

বাংলাদেশে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি ইয়র্গেন লিসনার বলেন, তথ্য প্রযুক্তির যে ব্যাপক সম্ভাবনা উন্নয়নশীল দেশগুলোকে সেই সম্ভাবনাকে ধরতে হবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি নানা ভাবেই উপকারে আসে। অধ্যাপক থেকে কৃষক পর্যন্ত সবার ক্ষেত্রেই এ প্রযুক্তির প্রয়োজনিয়তা রয়েছে। এ সেক্টরকে কার্যকর রূপে গড়ে তুলতে নীতিমালা ও পদক্ষেপ গ্রহণ করতে হবে। যাতে করে এ সুফল সবাই ভোগ করতে হবে। যেনো তা কাজে আসে তা দেখতে হবে। তবে বাংলাদেশকে এক্ষেত্রে অনেক পথ পাড়ি দিতে হবে। আর এভাবেই গ্লোবাল ভিলেজ বাস্তবে রূপ নেবে।

উদ্বোধনী অধিবেশনের দুটি কর্মঅধিবেশন অনুষ্ঠিত হয়। ইউএন ওয়ার্ল্ড সামিট এওয়ার্ড অন ই কনটেন্ট এন্ড ক্রিয়েটিভিটি শীর্ষক অধিবেশনে সভাপতিত্ব করেন জার্মানির আলেকজান্দ্রার ফেলসেনবার্গ। প্রবন্ধ উপস্থাপন করেন বেলজিয়াম ইন্টারনেট সোসাইটির সভাপতি রুডি ভান্সনিক। আলোচনায় অংশ নেন যুক্তরাষ্ট্রের মি. এনডি কারভিন, ভারতের মি. ওসামা মানজার এবং বাংলাদেশের মো. আখতারুজ্জাজামান।

রোল অব আইসিটিস ইন অ্যাচিভিং মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস (এমডিজিস) শীর্ষক দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. কাজী মেসবাহউদ্দিন আহমেদ। প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের ড. বি সাদ্রাচ। আলোচনায় অংশ নেন বাংলালিংক মোবাইল ফোন কোম্পানি পরিচালক মেহবুব চৌধুরী, পাকিস্তানের মিস আমব্রিন ওয়াহিদ ও বাংলাদেশের ইনফোরেভ’র সিইও মুজতবা সাত্তার অনন্ত।