তথ্য সমাজ গঠন বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা রোববার শুরু
আগামী নভেম্বর মাসে তিউনিসে অনুষ্ঠেয় ইনফরমেশন সোসাইটির বিশ্ব শীর্ষ সম্মেলন সামনে রেখে রাজধানীতে রোববার তিনদিন ব্যাপি তথ্য সমাজ গঠন সংক্রান্ত এক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত শুরু হতে যাচ্ছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় ১৮টি দেশের ২২ জন বিশেষজ্ঞ অংশগ্রহণ করছেন বলে উদ্যোক্তারা আশা করছেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খান কর্মশালার উদ্বোধন করবেন। এছাড়াও কর্মশালায় উপস্থিত থাকছেন পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান, ভুটানের তথ্য ও যোগাযোগ মন্ত্রী লোয়ানপো লেকি দর্জি এবং ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি জর্জ লিসনার।
ওয়ার্কশপে অনুষ্ঠেয় সেমিনারগুলো হচ্ছে-ইউএন ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড অন ই-কন্টেন্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি, সহস্র্রাব্দের উন্নয়ন লক্ষ্য অর্জনে তথ্য প্রযুক্তির ভুমিকা, ফিন্যান্সিং ফর আইসিটি ইনফ্রাস্ট্র্রাকচার অ্যান্ড সলিডারিটি ফান্ড, ইন্টারনেট গভর্নেন্স অ্যান্ড টেলিকম রেগুলেশন, রুরাল একসেস টু আইসিটি এস এ ব্রীজ টু রিমুভ দা ডিজিটাল ডিভাইড, রোল অব সিভিল সোসাইটি অ্যান্ড দা প্রাইভেট সেক্টর ইন বিল্ডিং ইনফরমেশন সোসাইটি অ্যান্ড ই-গভর্নেন্স : পাথ টুয়ার্ডস ইমপ্রুভড সিটিজেনস সার্ভিসেস।
ইনফরমেশন সোসাইটির বিশ্ব সম্মেলনে ব্যবহারের জন্য কর্মশালায় ‘ঢাকা ঘোষণা’ দেওয়া হবে।
বিশ্ব সম্মেলনে সংশ্লিষ্ট মহল বিশেষ করে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানগণ, জাতিসংঘ সংস্থার নির্বাহী প্রধানগণ, শিল্প নেতৃবৃন্দ, বেসরকারি সংস্থা, গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ এবং সুশীল সমাজের জন্য অনন্য সুযোগ সৃষ্টি করবে।
