ইউনেস্কোর স্বল্প মূল্যের পানি আর্সেনিক মুক্তকরণ যন্ত্র আবিস্কার, বাংলাদেশে ১ হাজার বিতরণ করা হবে
জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আর্সেনিক মুক্ত করার লক্ষ্যে স্বল্প মূল্যের একটি পানি বিশুদ্ধকরণ যন্ত্র আবিস্কার করেছে।
বাংলাদেশে এ পানি বিশুদ্ধকরণ এক হাজার যন্ত্র বিতরণ করবে বলে শুক্রবার ঢাকায় প্রাপ্ত এক প্রতিবেদন থেকে জানা গেছে।
বাংলাদেশের গ্রামাঞ্চলে সফল পরীক্ষা শেষে বৃহস্পতিবার ইউনেস্কোর কেন্দ্রীয় দপ্তর প্যারিসে এ প্রযুক্তির কথা প্রকাশ করা হয়।
ইউনেস্কোর বিবৃতিতে জানানো হয়, ২০০৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের ১৪ টি পারিবারকে এ বিশুদ্ধকরণ যন্ত্র দেওয়া হয়। যেখানে মাটির নিচে পানিতে আর্সেনিকের পরিমান ছিল দশমিক ৫ মিলিগ্রামের বেশি। ১৮ মাস দৈনন্দিন ব্যবহারের পর দেখা গেছে, তারা আর্সেনিকমুক্ত পানি পাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বাংলাদেশে ৩ কোটি মানুষ আর্সেনিকে আক্রান্ত। এক হাজার পানি বিশুদ্ধকরণ যন্ত্র আর্সেনিক আক্রান্ত এলাকায় বিতরণ করা হবে।
ইউনেস্কো আরও জানায়, এ যন্ত্র চালাতে বিদ্যুৎ লাগবে না এবং স্থানীয়ভাবে তা তৈরি করা যাবে। এ যন্ত্রে প্রতিদিন ১০০ লিটার পানির আর্সেনিক মুক্ত করা যাবে এবং ২০ জনের একদিনের প্রয়োজন মেটানো যাবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্ধৃতি দিয়ে ইউনেস্কো জানায়, ১ লিটার পানিতে দশমিক ০১ মিলিগ্রামের বেশি আর্সেনিক থাকলে স্বাস্থ্যের জন্যে তা ক্ষতিকর। কিন্তু বাংলাদেশে আক্রান্ত এলাকাসমূহে মাটির নিচে প্রতি লিটার পানিতে ১ দশমিক ৮ মিলিগ্রামের বেশি আর্সেনিক রয়েছে।
