অন্য মোবাইল অপারেটরদের সাথে টেলিটকের এসএমএস সুবিধা চালু
রাষ্ট্রায়াত্ত মোবাইল কোম্পানি টেলিটক বাংলাদেশ লিমিটেড বুধবার থেকে অন্যান্য কোম্পানির গ্রাহকদের জন্যেও এসএমএস (শর্ট মেসেজ সার্ভিস) সুবিধা চালু করেছে।
এর ফলে একটেল, সিটিসেল, বাংলালিংক ও টেলিটকের গ্রাহকরা একে অপরের কাছে এসএমএস পাঠাতে এবং গ্রহণ করতে পারবেন।
টেলিটক কর্তৃপক্ষ জানায়, এসএমএস’র জন্যে প্রয়োজনীয় কারিগরি পর্ব সম্পন্নের পর তারা এ সার্ভিস চালু করলেন।
সূত্র জানায়, টেলিটক থেকে এসএমএস পাঠাতে প্রতিটির জন্যে এক টাকা চার্জ ধার্য করা হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, টেলিটক গ্রাহকরা অচিরেই গ্রামীণফোনের গ্রাহকদের সাথেও এসএমএস আদান প্রদানের সুবিধা উপভোগ করতে পারবেন।
বর্তমানে টেলিটকের মোট ১ লাখ ৭১ হাজার গ্রাহক রয়েছে।
