২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাঙ্গাটুন’ হ্যাকিংয়ে দুই কোটির বেশি পাঠকের ডেটা ফাঁস

হ্যাকিংয়ের শিকার হয়েছিল আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে মাঙ্গা ও কমিক বই পড়ার জনপ্রিয় অ্যাপ ‘মাঙ্গাটুন’। অনলাইনে ফাঁস হয়েছে অ্যাপটির দুই কোটি ৩০ লাখ পাঠকের ব্যক্তিগত তথ্য।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 06:06 PM

Updated : 02 Aug 2022, 02:01 PM

প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার জানিয়েছে, অ্যাপটি আক্রান্ত হয়েছিল মে মাসে। এতে ফাঁস হয়ে গেছে পাঠকদের ইমেইল ঠিকানা, লিঙ্গপরিচয়, সামাজিক মাধ্যম অ্যাকাউন্টের পরিচয় এবং ‘এমডি৫ পাসওয়ার্ড হ্যাশ’-এর মতো নানা গোপন তথ্য।

বিষয়টি টুইট করে নিশ্চিত করেছে অনলাইনে ফাঁস হওয়া ডেটার আর্কাইভ ‘হ্যাভ আই বিন পনড (এইচআইবিপি)’।

চীনের সাংহাইয়ে বিনা খরচের অ্যাপটির শুরু ২০১৪ সালে। অভিষেকের পর থেকে ১ কোটি ডলারের বিনিয়োগ তহবিল সংগ্রহ করেছে অ্যাপটি।

টেকরেডার জানিয়েছে, মাঙ্গাটুন হ্যাকিংয়ের দায় স্বীকার করেছে অনলাইনে ‘পমপমপুরিন’ নামে পরিচিত এক হ্যাকার। ২০২১ সালে এফবিআই নিয়ন্ত্রিত ইমেইল সিস্টেম হ্যাকিংয়ের পেছনেও ছিল ওই একই ব্যক্তি। সেবার এফবিআইয়ের ইমেইল সিস্টেম হ্যাক করে সাইবার হামলার সতর্ক বার্তা জানিয়ে কয়েক হাজার ভুয়া ইমেইল পাঠিয়েছিল ‘পমপমপুরিন’।

এ ছাড়া, ২০২১ সালে হ্যাক হয়েছিল শেয়ার বেচা-কেনা ও বিনিয়োগের প্ল্যাটফর্ম ‘রবিনহুড’। ওই হ্যাকিয়েরও দায় স্বীকার করে নিয়েছিল ‘পমপমপুরিন’। বিপুল সংখ্যক সেবাগ্রাহকের গোপন ডেটা ফাঁস হয়ে গিয়েছিল সেবারও।

ওই হ্যাকারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ব্লিপিং কম্পিউটার। অদূর ভবিষ্যতে মাঙ্গাটুন সেবাগ্রাহকদের ডেটা বেচে দেওয়ার পরিকল্পনা আছে বলে সাইটটিকে জানিয়েছেন তিনি।

এ ঘটনার জন্য অ্যান্টিভাইরাস বা ফায়ারওয়ালের দুর্বলতা দায়ী নয় বরং পাসওয়ার্ড দুর্বলতার সুযোগ নিয়ে ডেটাইবেইজ হ্যাক করা হয়েছিল– ব্লিপিং কম্পিউটারকে এমন ইঙ্গিতই দিয়েছেন ‘পমপমপুরিন’।

মাঙ্গাটুনের পাঠকরা চাইলে এইচআইবিপি ডেটাবেইজে নিজের ইমেইল ঠিকানা লিখে সার্চ করে ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস হয়েছে কি না, দেখে নিতে পারবেন বলে জানিয়েছে টেকরেডার।

মাঙ্গাটুন পাঠক এইচআইবিপি প্লাটফর্মে নিজের ব্যক্তিগত ডেটা খুঁজে না পেলেও বর্তমান পরিস্থিতিতে পুরনো পাসওয়ার্ড পাল্টে নতুন কিছু দেওয়াই বিচক্ষণের কাজ হবে বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইটটি।