বৈশ্বিক ডিজিটাল মুদ্রা নীতিমালা চায় যুক্তরাজ্যের থিংক ট্যাক
বৈশ্বিক ডিজিটাল মুদ্রা নীতিমালা গঠনের ডাক দিয়েছে যুক্তরাজ্যের এক থিংক ট্যাংক। আন্তর্জাতিক পর্যায়ে নীতিমালা গঠন করলে তাতে কেন্দ্রীয় ব্যাংক সমর্থিত ডিজিটাল মুদ্রার মাধ্যমে আন্তঃসীমান্ত ও পাইকারি ব্যবসার লেনদেন আরও সহজ হবে বলে মনে করে সংস্থাটি।
“কেন্দ্রীয় ব্যাংক সমর্থিক ডিজিটাল মুদ্রা (সিবিডিসি)র সবচেয়ে সুবিধাজনক দিক হচ্ছে এই মুদ্রাগুলো ভিন্ন ভিন্ন বাজারে অন্তঃসীমান্ত পাইকারি লেনদেনের প্রক্রিয়া সহজ করে দেবে,” বলেছেন ‘ইন্টারন্যাশনাল রেগুলেটরি স্ট্র্যাটেজি গ্রুপ (আইআরএসজি)’-এর চেয়ারম্যান কে সুইনবার্ন।
সংস্থাটিকে লন্ডনের নগর কর্তৃপক্ষ সমর্থন দিচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
ফেডারেল রিজার্ভ, ব্যাংক অফ ইংল্যান্ড এবং ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকসহ বিশ্বের বেশিরভাগ কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব ডিজিটাল মুদ্রা প্রচলনের সম্ভাব্যতা যাচাই করে দেখছে বলে উঠে এসেছে প্রতিবেদনে।
স্টার্লিংয়ের ডিজিটাল সংস্করণ চলতি দশকের দ্বিতীয় অংশেও প্রচলন করা হবে কি না, সে প্রশ্নে সন্দিহান ব্রিটেন। অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে ডলারের অবস্থান ধরে রাখতে এর ডিজিটাল সংস্করণ ভূমিকা রাখতে পারে বলে মনে করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ।
এমন পরিস্থিতিতে আন্তঃসীমান্ত লেনদেন সহজ করার লক্ষ্য অর্জনে ‘বৈশ্বিক নীতিমালা এবং সহযোগিতা’ প্রয়োজন হবে বলে মন্তব্য করেছে আইআরএসজি।
শুক্রবারে প্রকাশিত এক প্রতিবেদনে সিবিডিসির বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেছে সংস্থাটি।
বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রার মধ্যে সমন্বয় করতে পারলে এক অঞ্চলে ব্যবসা করার লাইসেন্স আছে এমন কোম্পানিগুলো ভিন্ন অঞ্চলেও সেবা দেওয়ার সুযোগ পাবে এবং বিভিন্ন দেশের মধ্যে নীতমালা সহজ করে একে অন্যকে টপকে যাওয়ার চেষ্টাও বন্ধ হবে বলে আশা প্রকাশ করেছে আইআরএসজি।
