মার্কিন সিক্রেট সার্ভিস প্রধানকে নিয়োগ দিচ্ছে স্ন্যাপ
স্ন্যাপের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে যোগ দিতে এ মাসের শেষে মার্কিন সিক্রেট সার্ভিস পরিচালকের পদ ছেড়ে দিচ্ছেন জেমস মারে।
মারের নতুন পদে যোগ দেওয়ার কথা প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জকে স্ন্যাপ নিশ্চিত করেছে বৃহস্পতিবার। এক বিবৃতিতে মার্কিন সরকার মারের প্রস্থানের ঘোষণা দেওয়ার পরপরই বেসরকারি খাতে তার আগমন নিয়ে প্রতিবেদন করে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।
স্ন্যাপচ্যাটের মূল প্রতিষ্ঠান স্ন্যাপে মারে যোগ দেবেন অগাস্টে এবং প্রতিষ্ঠানটির সিইও ও সহ-প্রতিষ্ঠাতা ইভান স্পিগেলকে সরাসরি রিপোর্ট করবেন তিনি।
“জিম মারেকে স্ন্যাপ-এ স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত এবং ১ আগস্ট থেকে দলে তার যোগদানের জন্য অপেক্ষা করছি আমরা।” --ভার্জকে দেওয়া বিবৃতিতে বলেছেন স্ন্যাপ মুখপাত্র পিট বুগার্ড।
স্ন্যাপ আরও বলছে, নতুন পদে প্রতিষ্ঠানটির কর্মীদের সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থায় সাহায্য করার পাশাপাশি প্রয়োজনে আইন প্রণেতাদের সঙ্গেও কাজ করবেন মারে।
কোভিড-১৯ মহামারীর কারণে তৈরি হওয়া ‘নতুন চ্যালেঞ্জ’ মোকাবেলায় মারের কাজের প্রশংসা করে বৃহস্পতিবার একটি বিবৃতি প্রকাশ করে সিক্রেট সার্ভিস।
দেশটির নির্বাচিত নেতাদের নিরাপত্তা প্রদান এবং আর্থিক অবকাঠামোকে লক্ষ্য করা অপরাধ তদন্তেও সংস্থাটির হয়ে গুরুত্বপূর্ণ রাখেন মারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তাদের পরিবার এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাকে নিরাপত্তা প্রদানের জন্য সংস্থাটি সবচেয়ে বেশি পরিচিত।
৬ জানুয়ারি ইউএস ক্যাপিটলে কথিত দাঙ্গায় উস্কানি প্রদানে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভূমিকা এবং সিক্রেট সার্ভিস এজেন্টদের সম্পৃক্ততা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে তদন্ত চলছে।
“মার্কিন প্রেসিডেন্টদের এবং তাদের পরিবারকে সুরক্ষাকে নিজের শরীরের অংশ হিসেবে বিবেচনা করেছেন জিম। আমাদের দেশ ও পরিবারের সুরক্ষায় তার দায়িত্ব পালনের জন্য চিরকৃতজ্ঞ আমরা।” --বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে মারে সম্পর্কে বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
