২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ই-ক্যাব: ফের শমী সভাপতি, তমাল সাধারণ সম্পাদক

অনলাইন বাণিজ্য উদ্যোক্তাদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের পর নতুন কমিটি গঠন হয়েছে; কমিটি নতুন হলেও, আছে পুরনো মুখের আধিপত্য।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2022, 07:58 PM

Updated : 02 Aug 2022, 01:50 PM

২০২২ সালের ই-ক্যাব নির্বাচনে জিতে আগের পদেই থাকছেন বর্তমান সভাপতি শমী কায়সার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল।

কার্যনির্বাহী পরিষদের শীর্ষ পাঁচ কর্মকর্তার পদে নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন, যুগ্ন সম্পাদক নাছিমা আক্তার নিশা এবং অর্থ সম্পাদক আসিফ আহনাফ। আসিফ আহনাফ বর্তমান কমিটিতে পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।

সংগঠনটির শীর্ষ কর্মকর্তাদের পদে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছিল ২৮ মার্চ। তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১৮ জুন। নির্বাচনে মোট ৩১ প্রার্থীর মধ্যে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন ৯ জন। ৭৯৫ জন ভোটারের মধ্যে ৬১১ জন ভোট দিয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি।

৯ জনের কার্যনির্বাহী পরিষদ আগামী ২ বছর এই খাতে ব্যবসায়ীদের জন্য কাজ করবেন।

নির্বাচিত পরিচালকদের পাঁচ জন ভিন্ন ভিন্ন পদের জন্য মনোনয়োনপত্র সংগ্রহ করে জমা দেন। একই পদে একাধিক প্রার্থী না থাকায় ২১ জুন পাঁচ জনকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করে নামের তালিকা প্রকাশ করেছে নির্বাচন বোর্ড।