চরমপন্থা: মেটার আপিল প্রত্যাখ্যান রাশিয়ায়
রাশিয়ায় ‘চরমপন্থী কার্যক্রম’ নিয়ে মেটার বিরুদ্ধে হওয়া এক মামলার আপিল প্রত্যাখ্যান করেছে মস্কোর একটি আদালত। একই মামলায় মার্চে মেটাকে দোষী সাব্যস্ত করেছিল দেশটির আদালত।
দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ‘তাস’ বলছে মেটার করা আপিল মস্কোর আদালত প্রত্যাখ্যান করেছে সোমবার।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর মেটার ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম ফেইসবুক ও ইনস্টাগ্রামের পাশাপাশি টুইটারেও নিষেধাজ্ঞা দিয়েছিলো দেশটি।
এ পদক্ষেপকে সমালোচকরা আখ্যা দিয়েছিল রাশিয়ার তথ্য প্রবাহ নিয়ন্ত্রণের অপচেষ্টা হিসেবে।
মার্চে রাশিয়া জানিয়েছিল, এই রায়ের প্রভাব হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সেবায় পড়বে না, বরং ফেইসবুক এবং ইনস্টাগ্রামেই তাদের বেশি নজর ছিল।
এই মামলা প্রসঙ্গে রয়টার্স ইমেইলে মেটার মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।
মামলাটিতে মেটার আইনজীবী ভিক্টোরিয়া শাকিনা মার্চে আদালতকে জানান, মেটা কোনো চরমপন্থী কার্যক্রমের সঙ্গে যুক্ত নয় এবং তাদের অবস্থান ‘রুশোফোবিয়া’র বিপক্ষে।
রাশিয়ার গণমাধ্যমে প্রবেশাধিকার সীমিত করার কারণে প্রাথমিকভাবে কেবল ফেইসবুকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি।
পরবর্তীতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে ‘সহিংসতার আহ্বান’ জানানো ইউক্রেইনের সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের পোস্টে যখন মেটা অনুমতি দেয়, তখন ইনস্টাগ্রামও দেশটির লক্ষ্যে পরিণত হয়।
এর পর মেটা অবশ্য কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে সরাসরি মৃত্যুর হুমকি দেওয়ার নীতিমালাকে সীমিত করে এনেছে।
তবে, মেটা বলছে, এটি এই নীতিমালার অর্থ কখনোই এমন নয় যে, তারা গোটা রুশ জনগণের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানিয়েছে।
বিদেশী প্ল্যাটফর্মে নিজস্ব গণমাধ্যম সম্পর্কে প্রচলিত ধারণা নিয়ে আপত্তি করেছে রাশিয়া, যেখানে বেশ কিছু জায়গায় ‘রাষ্ট্রায়ত্ত’ শব্দটি ব্যবহৃত হয়েছে।
রাশিয়ার যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রসকমনাদজর নিয়মিতই সেই সব সামাজিক মাধ্যমকে জরিমানা করে আসছিল, যারা তাদের মতে ‘অবৈধ’ কনটেন্ট মুছতে ব্যর্থ হয়েছে।
আদালতে উপস্থিত থাকা রাশিয়ার সংবাদপত্র ‘কমার্স্যান্ট’-এর প্রতিবেদকের মতে, মেটার পক্ষের একজন আইনজীবী সোমবার বলেছেন আদালত এমন কনটেন্টের প্রবেশাধিকার ও কার্যক্রম বন্ধ করতে চায়, যা চরমপন্থার আওতায় পড়েনা।
রয়টার্স অবশ্য সেই প্রতিবেদকের অ্যাকাউন্টটি যাচাই করতে পারেনি এবং মেটার পক্ষের ওই আইনজীবির সঙ্গেও যোগাযোগ সম্ভব হয়নি।
মার্চে দেওয়া রায়টি নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল কারণ মেটার হোয়াটসঅ্যাপ সেবা তখনও দেশটিতে চালু ছিল।
আইনজীবীরা তখন বলেন, কোনো ব্যক্তিকে শুধু মেটার সেবা ব্যবহারের জন্য জরিমানা করা যাবে না। সেবাগুলো যদিও এখনও ‘ভিপিএন’-এর মাধ্যমেই ব্যবহার করতে হয়।
রায় অনুযায়ী, মেটা শব্দটি যখন জনসম্মুখে ব্যবহৃত হবে তখন ওই সংস্থা এবং ব্যক্তিকে সতর্কবার্তা দিতে হবে যে মেটার কার্যক্রম রাশিয়া অঞ্চলে নিষিদ্ধ রয়েছে।
