২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপলকে চাপ দিতে গুগলের হাতিয়ার ড্রেকের গান

কানাডিয়ান র‌্যাপার ড্রেকের নতুন অ্যালবাম ‘অনেস্টলি, নেভারমাইন্ড’ মুক্তি পেয়েছে সম্প্রতি। মুক্তির পরপরই অপ্রত্যাশিতভাবে দুই প্রযুক্তির জায়ান্টের রেষারেষির হাতিয়ারে পরিণত হয়েছে অ্যালবামের একটি গান।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2022, 05:10 PM

Updated : 02 Aug 2022, 01:50 PM

অ্যাপলকে ‘আরসিএস’ প্রোটোকলমুখী করতে হাতিয়ার হিসেবে অ্যালবামের ‘টেক্সটস গো গ্রিন’ গানটি ব্যবহার করছে গুগল।

আইমেসেজ ব্লক হওয়া আর টেক্সট মেসেজ সবুজ এসএমএস বাবলে স্ক্রিনে আসাই ড্রেকের গানটির মূল বিষয়। গানের বিষয় আহামরি কিছু মনে না হলেও, অ্যাপলকে সরাসরি খোঁচা দেওয়ার মোক্ষম হাতিয়ার হিসেবে ড্রেকের গানটিকে বেছে নিয়েছে গুগলের মার্কেটিং বিভাগ।

গানের শুরুর কিছু অংশ ‘অডিও লুপ’ হিসেবে কাজে লাগিয়ে ভিডিও বানিয়ে টুইটারে পোস্ট করেছে গুগল। আর তাতে অ্যাপলকে সরাসরি আরসিএস প্রোটোকলে সমর্থন দিতে বলেছে অ্যান্ড্রয়েড নির্মাতা।

 

মোবাইল ফোনে পাঠানো এসএমএস প্রযুক্তির ‘উত্তরসূরী’ হিসেবে বিবেচনা করা হচ্ছে ‘রিচ কমিউনিকেশন সার্ভিস’ বা আরসিএস প্রযুক্তি। যুক্তরাষ্ট্রের মোবাইল ক্যারিয়ার কোম্পানিগুলো এই প্রযুক্তিকে গ্রহণ করলেও, আইফোনে আরসিএস ব্যবহারের একেবারেই নারাজ অ্যাপল।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা মডেল ও ব্র্যান্ড নির্বিশেষে এসএমএসের বেলায় যে সুবিধা পান, সেটি অ্যান্ড্রয়েড থেকে আইফোনে বা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে মেলে না। ফলে, এসএমএস আদান-প্রদানের প্রযুক্তি বিবেচনায় নিলে অ্যান্ড্রয়েড ও আইওএসের মধ্যে বড় একটি দূরত্ব রয়ে গেছে।

গুগলসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময়ে অ্যাপলকে এই প্রযুক্তির সমর্থন দিতে তাগাদা দিলেও তাতে সাড়া দেয়নি অ্যাপল।

ড্রেকের নতুন অ্যালবাম মুক্তি পাওয়ার পর বেশ দ্রুতগতিতেই তৎপর হয়েছে গুগলের মার্কেটিং বিভাগ। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের টুইটার সংস্করণ থেকে আপলোড করা ভিডিওতে গুগল ‘সবুজ বাবল বনাম নীল বাবল’ বিতর্কেই আলোকপাত করেছে বলে মন্তব্য প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫ গুগলের।

টুইটারে পোস্ট করা ৩৮ সেকেন্ডের ভিডিওতে গুগল বলেছে, আরসিএস জটিলতা এমন এক বিষয় যার সমাধান কেবল অ্যাপলই করতে পারবে।

আরসিএস প্রযুক্তিতে হাই-রেজুলিউশন ছবি, ভিডিও আদান-প্রদান করা যায়; প্রাপক মেসেজ পড়ার পর তার ‘রিড রিসিপ্ট’ আসে, এমনকি ওয়াই-ফাই বা সেলুলার সংযোগের মাধ্যমে ডেটাও পাঠানো যায়। এই প্রযুক্তিতে এনক্রিপশন সেবা যোগ করার সুযোগ আছে বলেও ইঙ্গিত দিয়েছে গুগল।