এনএফটি একশ ভাগ বোকার বুদ্ধি: বিল গেটস
‘নন ফাঞ্জিবল টোকেন (এনএফটি)’-কে ‘১০০ ভাগ বোকার বুদ্ধি’ হিসেবে আখ্যা দিয়েছেন বিল গেটস। পাশাপাশি, এর ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্বের একসময়ের শীর্ষ ধনী।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চের আয়োজিত এক জলবায়ু পরিবর্তন সংক্রান্ত অনুষ্ঠানে এই বিষয়ে কথা বলেন বিল গেটস।
আয়োজনে তিনি বলেন, এটি এমন একটি আর্থিক তত্ত্ব যেখানে আপনি তখনই এ থেকে পয়সা বানাতে পারবেন যখন আপনি আরও বড় কোনো বেকুবের কাছে এটি বিক্রি করতে পারবেন।
ফার্ম, কারখানা বা যেসব প্রতিষ্ঠানে পণ্য তৈরি হয় এবং যেখানে এনএফটির কোনো জায়গা নেই এমন বাস্তব জগতের সম্পদে বিনিয়োগ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে জানিয়েছেন গেটস।
“আমি এসবের সঙ্গে সম্পৃক্ত নই। আমি এসবের আশপাশেও নেই।”
এনএফটির সম্পদ যে ‘কর ফাকি’ বা ‘সরকারী নীতিমালা এড়ানোর’ জন্য তৈরি করা হয়েছে, তার বক্তব্য থেকে সেটিরই ইঙ্গিত মিলছে।
“অবশ্যই, বানরের দামী ডিজিটাল ছবি পৃথিবীর ব্যাপক উন্নতি ঘটাবে,” --এনএফটির ফ্ল্যাগশিপ প্রকল্প ‘বোরড এপ ইয়াট ক্লাব’-কে খোঁচা দিয়ে বলেছেন তিনি।
এই প্রথমবারই যে ক্রিপ্টোমুদ্রা নিয়ে সংশয় প্রকাশ করলেন গেটস, বিষয়টি এমন নয়।
২০২১ সালের ফেব্রুয়ারিতে দেওয়া এক সাক্ষাতকারে বিনিয়োগকারীদের বিটকয়েন কেনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। বিশেষ করে যখন ক্রিপ্টোমুদ্রার দাম এতোই অস্থিতিশীল ছিল যে মাস্কের মতো বিশিষ্ট কোনো বিনিয়োগকারীর একটি টুইটের ভিত্তিতেই এর অস্ত্বিত্ব হারানোর শঙ্কা ছিল।
“আমি মনে করি সেই সব মানুষই এসব ‘পাগলামী’র পেছনে ব্যয় করছে যারা খরচের কোনো জায়গা খুঁজে পাচ্ছে না।” --২০২১ সালে বলেছিলেন গেটস।
“আমার সাধারণ ধারণা হচ্ছে, যদি আপনার ইলন থেকে কম সম্পত্তি থাকে, তাহলে আপনাকে হয়ত বিষয়টিতে নজর রাখতে হবে।”
ইলন মাস্ক এখন বিশ্বের শীর্ষ ধনী।
দামের অস্থিতিশীলতা নিয়ে বিল গেটসের সতর্কবার্তা তখন পুরোপুরি সঠিক ছিল। ২০২১ সালে তিনি যখন এ বিষয়ে কথা বলেছিলেন, বিটকয়েনের দাম তখন ক্রমশ বাড়ছিল এবং ওই বছরের এপ্রিলে এর দাম গিয়ে ঠেকেছিল ৬৩ হাজার ডলারে।
পরপরই বিটকয়েনের দাম আকস্মিকভাবে দাম কমে যায়। যদিও এর দাম আবার বেড়ে ৬৪ হাজার ডলারে ঠেকেছিল গত নভেম্বরে। এর পর আবারও ছন্দপতন হয় বিটকয়েনের। ভার্জের প্রতিবেদন লেখার আগ পর্যন্ত এর বর্তমান দাম ২০ হাজার ডলারের কিছু বেশি।
