চতুর্দশ বিডিনগ সম্মেলনের নিবন্ধন চলছে
বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিডিনগ সম্মেলন ও কর্মশালা। ইতোমধ্যে সম্মেলনে অংশগ্রহনকারীদের নিবন্ধন শুরু হয়েছে।
কম্পিউটার নেটওয়ার্ক, ইন্টারনেট ও সংশ্লিষ্ট বিষয়ে কর্মরত প্রকৌশলীদের অলাভজনক সংগঠন এটি। ২০১৪ সাল থেকে নেটওয়ার্ক প্রকৌশলীদের মানউন্নয়নে প্রতিবছর দুটি সম্মেলন আয়োজন করে সংগঠনটি। এবার আয়োজিত হচ্ছে চর্তুদশ সম্মেলন।
২৭ জুন শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ আয়োজনে রেওয়াজ অনুসারে প্রথমদিন সম্মেলন ও পরের চার দিন কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে ইন্টারনেট প্রকৌশলীদের জন্য সেগমেন্ট রাউটিং এবং সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি বিষয়ে কর্মশালা আয়োজনের কথা জানিয়েছে সংগঠনটি।
বাংলাদেশের নেটওয়ার্ক প্রকৌশলীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন অপারেশনাল গবেষণা সম্পাদন, স্থানীয় আইসিটি মেধাবীদের আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া ও বাংলাদেশের জন্য আরও উন্নত ইন্টারনেট ব্যবস্থা আনার লক্ষ্যে অনেকদিন ধরেই এ ধরনের আয়োজন করে আসছে বিডিনগ।
সম্মেলন উপলক্ষ্যে স্থানীয় প্রকৌশলীদের কাছ থেকে ইন্টারনেটের ব্যবহারিক এবং একাডেমিক গবেষণাপত্র চাওয়ার কথা জানিয়েছেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক বরকতুল আলম বিপ্লব।
“গবেষণাপত্রগুলো বাংলাদেশে ইন্টারনেটের বিভিন্ন সীমাবদ্ধতা বিশ্লেষণ এবং এর মান উন্নয়নে সহায়তা করবে বলে আমরা আশা করছি।”
গত কয়েক বছরে এরকম প্রযুক্তি সম্মেলনের মাধ্যমে আমাদের ইন্টারনেট প্রকৌশলীদের দক্ষতা বাড়ছে বলে জানিয়েছেন বিডিনগ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাশেদ আমিন বিদ্যুৎ।
“আমাদের দেশের ইন্টারনেটের সার্বিক ব্যবস্থাপনা ও অবকাঠামোর উন্নতি করতে এর সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট প্রকৌশলীদের জ্ঞান ও পেশাদারিত্ব বাড়াতে হবে। এ ধরনের প্রযুক্তি সম্মেলনের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞরা অভিজ্ঞতা বিনিময় করতে পারেন।”
সম্মেলনের নিবন্ধন, গবেষণা জমা এবং ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিডিনগের সাইটে।
এ আয়োজনে সহ-আয়োজক হিসেবে থাকছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ।
