২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিআর-এ বড় বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে বাইটড্যান্স

‘ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর)’-এ প্রবেশ করতে চাচ্ছে টিকটকের মালিক প্রতিষ্ঠান ‘বাইটড্যান্স’। সেই লক্ষ্যে, ‘ভিআর’ সম্পর্কিত কনটেন্ট তৈরিতে ব্যাপক অর্থ বিনিয়োগের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2022, 07:16 PM

Updated : 14 Jul 2022, 06:22 PM

বাইটড্যান্সের এই বিনিয়োগ নিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট প্রোটোকলের প্রতিবেদন অনুযায়ী, বিনিয়োগের বড় একটি অংশ খরচ হবে কর্মী নিয়োগের পেছনে। গত বছর প্রতিষ্ঠানটির নিজস্ব ভিআর স্টার্টআপ ‘পিকো’-এর জন্য ৪০টিরও বেশি নিয়োগ বিজ্ঞাপন চিহ্নিত করেছে প্রোটোকল।

বিজ্ঞাপনের বেশিরভাগই ‘পিকো স্টুডিওস’-এর মার্কিন পশ্চিম উপকূলে ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটন শাখার জন্য।

এতে ‘হেড অফ ভিআর গেইম স্ট্র্যাটিজি’ থেকে শুরু করে ‘গেইম অপারেটিং ম্যানেজার’-এর মতো পদে লোক খোঁজার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

বিজ্ঞাপনের অন্যান্য পদে পিকোর ভিআর হার্ডওয়্যার গুরুত্ব পেয়েছে বেশি। এর মধ্যে ‘অপটিকাল ইঞ্জিনিয়ার’ এবং ‘সিস্টেম ডিজাইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার’-এর পদও রয়েছে।

পাশাপাশি, ‘হেড অফ কনসিউমার সেলস’ নামে একটি পদের বিজ্ঞাপনও চিহ্নিত করেছে প্রোটোকল। যুক্তরাষ্ট্রে ‘পিকো’ যে নিজের শক্ত উপস্থিতি প্রতিষ্ঠা করতে চায়, এসব বিজ্ঞাপন তারই ইঙ্গিত দিচ্ছে।

চাকরীর বর্ণনায় উল্লেখ রয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারে পিকোর সামগ্রিক পণ্যের বিক্রি ও বিপণনের দায়ভার থাকবে চাকরী প্রার্থীদের উপর।

সফল হতে পিকোকে এখনও অনেক পথ এগোতে হবে। মেটা, এইচটিসি, ভাল্ভে ও প্লেস্টেশনের মতো মূলধারার হেডসেটের সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রতিদ্বন্দ্বীতা করতে যেসব রসদ প্রয়োজন, সেগুলো সবই আছে বাইটড্যান্সের কাছে।

প্রতিষ্ঠানটির ‘ফ্ল্যাগশিপ অল-ইন-ওয়ান’ হেডসেট ‘পিকো নিও ৩ লিঙ্ক’ ইউরোপে উন্মোচিত হয়েছে মে মাসে। এর দাম ৪৭২ ডলার।

এই হেডসেটের চশমার মিল রয়েছে ২৫৬ জিবির ‘মেটা কোয়েস্ট ২’-এর সঙ্গে। বাজারে ডিভাইসটির দাম ৩৯৯ ডলার হলেও দুটো হেডসেটের স্টোরেজ একই। এ ছাড়া, হেডসটে চোখ প্রতি ‘১৮৩২ এক্স ১৯২০’ রেজুলিউশন এবং ‘স্ন্যাপড্রাগন এক্সআর২’ চিপ ব্যবহৃত হয়েছে।

‘নিও ৩ লিঙ্ক’ হেডসেটে অবশ্য একটি বাড়তি ‘হেডসেট স্ট্র্যাপ’ থাকলেও, একে ৪৯ ডলারে আলাদা পণ্য হিসেবে বিক্রি করে ‘কোয়েস্ট ২’। এ ছাড়া, সংযোগের জন্য ইউএসবি-সি পোর্টের জায়গায় ব্যবহৃত হয়েছে ‘ডিসপ্লেপোর্ট’, যা পিসি ব্যবহারকারীর জন্য ছবির মানকে আরও উন্নত করে।

‘নিও ৩ লিঙ্ক’ সেই সব ব্যবহারকারীকে লক্ষ্য করে এগোচ্ছে, যারা ‘ভাল্ভে ইনডেক্স’ কেনার পেছনে ৯৯৯ ডলার অথবা ‘এইচটিসি ভাইভ প্রো ২’ কেনার পেছনে ৭৯৯ ডলার খরচ করতে চান না।

পাশাপাশি, মেটার ‘কোয়েস্ট ২’-এর সঙ্গে যেন প্রতিদ্বন্দ্বীতা করতে পারে, এমন একটি হেডসেট হিসেবে নিজের অবস্থান তৈরি করতে চায় ‘নিও ৩ লিঙ্ক’।