২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপল: নামে প্রযুক্তি কোম্পানি, কাজ করবে ব্যাংকের

‘বাই নাও, পে লেটার (বিএনপিএল)’ সেবায় ধার বা ঋণ দেওয়ার প্রক্রিয়া নিজের নিয়ন্ত্রণেই রাখবে অ্যাপল; এই দায়িত্ব কোনো আর্থিক প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার কোনো পরিকল্পনাও নেই আইফোন নির্মাতার।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2022, 03:11 PM

Updated : 02 Aug 2022, 01:44 PM

অ্যাপল বিএনপিএল সেবার আর্থিক লেনদেনের দিকটি নিজের অধীনে রাখছে বলে খবরে জানিয়েছে ব্লুমবার্গ ও সিএনবিসি। কুপার্টিনোর টেক জায়ান্টের অঙ্গপ্রতিষ্ঠান ‘অ্যাপল ফাইন্যান্সিং এলএলসি’ ইতোমধ্যেই ঋণ সেবা দেওয়ার লাইসেন্সের জন্য আবেদন করেছে বলে উঠে এসেছে সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে।

৬ জুনের ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি)’-তে বিএনপিএল সেবার ঘোষণা দিয়েছে অ্যাপল। এই সেবাটিতে অ্যাপল পের মাধ্যমে পণ্য কিনে ছয় সপ্তাহে  চারটি সমান ইনস্টলমেন্টে মূল্য পরিশোধের সুযোগ পাবেন ক্রেতা। এক্ষেত্রে কোনো সুদও নেবে না অ্যাপল।

আর্থিক সেবা খাতে এটি অ্যাপলের প্রথম উদ্যোগ নয়। তবে ব্লুমবার্গ বলছে, এই প্রথমবারের মতো ক্রেতার ঋণ দেওয়ার যোগ্যতা নির্ধারণ এবং ঋণ দেওয়া ও তদারকির কাজটি নিজের কাঁধে নিতে যাচ্ছে অ্যাপল।

‘অ্যাপল ক্রেডিট’ কার্ড সেবার জন্য ইতোমধ্যেই বিনিয়োগকেন্দ্রিক বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকসের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে অ্যাপলের। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, অ্যাপলের নতুন বিএনপিএল সেবায় গোল্ডম্যান স্যাকস একটি ছোট ভূমিকা রাখলেও সেটি নেহাতই নগণ্য কিছু নয়। বিএনপিএল সেবার জন্য ক্রেতাদের অ্যাপলের মাস্টারকার্ডভিত্তিক ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে; আর ওই কার্ডগুলো সরবরাহ করবে গোল্ডম্যান স্যাকস।

ব্লুমবার্গ বলছে, কাজের ধরন বিবেচনায় বিএনপিএল সেবার জন্য অ্যাপলের কর্মকাণ্ড একটি ব্যাংকের মতো হলেও নিজস্ব ব্যাংক ব্যবসা পরিচালনার অনুমোদন নেই কোম্পানিটির। ফলে আইনত ব্যাংক হিসেবে কোনো অস্তিত্ব নেই অ্যাপলের আর্থিক সেবাদাতা অঙ্গপ্রতিষ্ঠানের।

অন্যদিকে সিএনবিসি বলছে, ক্রেতা আদৌ ঋণ নেওয়ার যোগ্যতা আছে কি না, সেটাও যাচাই করে দেখবে অ্যাপল। তবে, এক্ষেত্রে মূলধারার আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের মতো ‘গভীর তদন্তে’ নামবে না কোম্পানিটি। ক্রেতা সময় মতো ইনস্টলমেন্ট পরিশোধ না করলে নতুন করে কোনো পণ্য কেনার জন্য আবার ঋণ দেবে না অ্যাপল।

বিএনপিএল সেবার অধীনে অ্যাপল ক্রেতাদের কতো খরচ করতে দেবে, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও সিএনবিসি বলছে, অ্যাপল পে’র মাধ্যমে সর্বোচ্চ এক হাজার ডলার খরচ করতে পারবেন ক্রেতা। কিস্তি দিতে দেরি হলে অ্যাপল সেক্ষেত্রে বাড়তি কোনো ফি ধার্য করবে কি না সে বিষয়টিও স্পষ্ট নয়।

এ প্রসঙ্গে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ অ্যাপলের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো উত্তর দেয়নি কোম্পানিটি।

সাইটটি বলছে, অ্যাপলের সাম্প্রতিক কর্মকাণ্ড থেকে ইঙ্গিত বলছে, ভবিষ্যতে পুরোদমে আর্থিক সেবার বাজারে ঝুঁকতে পারে অ্যাপল। পাশাপাশি, এই পদক্ষেপগুলো ক্রেতাদের নিজস্ব ইকোসিস্টেমের মধ্যে রাখার বৃহত্তর লক্ষ্যের অংশ বলে মন্তব্য করেছে ভার্জ।

প্রথমে যুক্তরাষ্ট্রের বাজারে অভিষেক হবে ‘পে লেটার’ সেবাটির। তারপর ক্রমান্বয়ে বিশ্বের সকল দেশে সেবাটি চালু করবে অ্যাপল।