‘কাস্টম অ্যাভাটার’ ফিচার চালু করেছে টিকটক
নিজস্ব প্ল্যাটফর্মে ‘কাস্টম অ্যাভাটার’ নামে নতুন একটি ফিচার চালু করেছে টিকটক। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের একটি কাস্টমাইজড অ্যানিমেটেড অ্যাভাটার তৈরি করতে পারবেন।
নতুন এই ফিচার বিশ্বব্যাপী চালু হয়েছে ৭ জুন সোমবার। তবে, ফিচারটি নিয়ে প্রথম খবর ফাঁস হয়েছিল এ বছরের শুরুতে।
অ্যাপলের ‘মেমোজি’, স্ন্যাপচ্যাটের ‘বিটমোজি’ এবং মেটার ‘অ্যাভাটার’-এর মতো ফিচারকে টিকটকের নতুন ফিচার টক্কর দেবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
টিকটকের বিভিন্ন ‘ইফেক্টস’-এর পাশাপাশি অ্যাপটির ক্যামেরার মাধ্যমেও ফিচারটিতে প্রবেশ করা যাচ্ছে।
ফিচারটি ব্যবহার করতে ব্যবহারকারীকে অ্যাপে প্রবেশ করতে হবে। পরপরই ক্যামেরার ‘সেলফি মোডে’-এ গিয়ে ‘ইফেক্টস’ অপশনে চাপ দিয়ে অ্যাভাটারের ইফেক্ট বাছাই করতে হবে।
ব্যবহারকারী এতে ‘প্রিসেট’ করা কোনো অ্যাভাটার ব্যবহারের পাশাপাশি ‘নিউ’ অপশনে চাপ দিয়ে নতুন অ্যাভাটার তৈরি করতে পারবেন।
‘নিউ’ অপশনটির মাধ্যমে ব্যবহারকারী অ্যাভাটারের চেহারার আকার, ত্বকের রং, চুলের ধরন এবং বিভিন্ন সামগ্রী কাস্টমাইজ করে দিতে পারবেন, যার মধ্যে ‘মেকআপ’ বা ‘পিয়ার্সিং’-এর মতো কাজগুলো রয়েছে।
কাস্টমাইজ করার পর ব্যবহারকারী অ্যাভাটারের মাধ্যমে নিজের চাল চলন ও চেহারার অভিব্যক্তির ভিডিও রেকর্ড করতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
নতুন ফিচারের সম্পৃক্ততা যতটা সম্ভব বাড়াতে চায় টিকটক। পাশাপাশি, নতুন এই অভিজ্ঞতা যেন সকল ব্যবহারকারীর সত্যিকারের রূপকে প্রতিনিধিত্ব করে, সেটি নিশ্চিত করতে ফিচারটি উন্নত করার ও এর উদ্ভাবন বাড়ানোর কার্যক্রম চালিয়ে যাওয়ার বলেছে টিকটক।
ব্যবহারকারীর যোগাযোগের মাধ্যম হিসেবে এতো বেশি সংখ্যক সামাজিক প্ল্যাটফর্মে ‘কাস্টমাইজড অ্যাভাটার’ আসার বিষয়টিকে ‘মজাদার’ হিসেবে আখ্যা দিয়েছে ভার্জ।
স্ন্যাপচ্যাট এবং আইমেসেজ-এর মতো সামাজিক প্ল্যাটফর্মে ‘বিটমোজি’ এবং ‘মেমোজি’ ব্যবহার করে কেবল পরিচিত ব্যক্তিদের সঙ্গেই যোগাযোগ করা যায়।
টিকটকের অ্যাভাটার সম্ভবত ছদ্মবেশী কনটেন্ট নির্মাতারাও ব্যবহার করতে পারবেন। টিকটকের অ্যাভাটারের সঙ্গে বিদ্যমান ‘ভয়েস ইফেক্টস’-কে সমন্বয় করে নিজের পরিচয়কে আরও গোপন করতে পারবেন ব্যবহারকারী।
কাস্টমাইজড অ্যাভাটারের এই চলমান ‘ট্রেন্ড’ এরইমধ্যে ‘ভিটিউবারস’-এর মাধ্যমেও ইউটিউবে এসেছে, যেটিকে টিকটকের মতো প্ল্যাটফর্মের জন্যে ইতিবাচক বলে আখ্যা দিয়েছে ভার্জ।
