২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইওএস ১৬-তে ওয়াই-ফাই পাসওয়ার্ড দেখাবে অ্যাপল?

‘আইওএস ১৬’ মোবাইল অপারেটিং সিস্টেমে অবশেষে ব্যবহারকারীর ওয়াই-ফাই পাসওয়ার্ড দেখানোর সুবিধা যোগ করতে পারে অ্যাপল। পাশাপাশি, অ্যাপল ডিভাইসে ওয়াই-ফাই পাসওয়ার্ড কপি করার সুবিধা আনার কথাও শোনা যাচ্ছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2022, 04:40 PM

Updated : 14 Jul 2022, 06:19 PM

ছবি: অ্যাপল

আইওএস ১৬-এর ‘ডেভেলপার প্রিভিউ’-তে এসব সুবিধা দেখানোর কথা উঠে এসেছে অ্যাপলবিষয়ক খবরের সাইট ম্যাকরিউমার্সের প্রতিবেদনে।

প্রতিবেদন অনুযায়ী, পাসওয়ার্ড দেখতে ব্যবহারকারীকে ‘ফেইস আইডি’, ‘টাচ আইডি’ বা একটি ‘পাসকোড’-এর মাধ্যমে নিজের পরিচয় প্রমাণ করতে হবে। পরপরই পাসওয়ার্ডটি কপি করার অপশন আসবে।

পরিবার বা বন্ধুদের সঙ্গে এতোদিন আইফোনের ওয়াই-ফাই পাসওয়ার্ড শেয়ারিং কতটা জটিল ছিল, তা কেবল একজন আইফোন ব্যবহারকারীই বলতে পারেন। ফোনে ইন্টারনেট সংযোগ থাকলেও পাসওয়ার্ড খুঁজতে বেগ পেতে হতো।

আইওএস ১৬ আসার পর সেই দুর্ভোগের দিন শেষ হবে বলে ধারণা করছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

আইফোন, আইপ্যাড বা ম্যাক থাকা ব্যবহারকারীদের জন্য ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ারিং দীর্ঘদিন ধরেই স্বয়ংক্রিয় ও সহজ ছিল। আইওএস-১৬ উন্মোচন হওয়ার পর অন্যান্য ডিভাইস ব্যবহারকারীও এই সুবিধা পাবেন।

বর্তমানে ডেভেলপারদের সঙ্গে আইওএস ১৬-এর পরীক্ষা চালাচ্ছে অ্যাপল। জুলাই মাসের কোনো এক সময় চালু হতে পারে অপারেটিং সিস্টেমটির বেটা সংস্করণ।

আইওএস ১৬-তে উচ্চক্ষমতার ‘লাইভ টেক্সট ফিচার’ ও ‘আইক্লাউড ফটো লাইব্রেরি’র পাশাপাশি ‘লক স্ক্রিন’ ও ‘মেসেজ’ ফিচারেও ব্যপক উন্নতি আনার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।