ইউক্রেইন যুদ্ধ: সাইবার হামলার শিকার শীর্ষ আইএসপি
সাইবার হামলার শিকার হয়েছিল ইউক্রেইনের জাতীয় ইন্টারনেট সেবাদাতা ‘উকারটেলিকম’। হামলার ব্যপ্তি এতোটাই ছিল যে, প্রতিষ্ঠানটির ইন্টারনেট সংযোগ যুদ্ধ শুরু হওয়ার আগের তুলনায় ১৩ শতাংশে নেমে এসেছিল।
সাইবার হামলা প্রতিহত করার দাবি করেছে ইউক্রেইন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি বলছে, সাইবার হামলা থেকে সামরিক ব্যবহারকারী আর গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করতে সাধারণ ব্যবহারকারীদের প্রবেশাধিকার সীমিত করে দিয়েছিল তারা।
বৈশ্বিক ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষক ‘নেটব্লক্স’ বলছে, রাশিয়ার সামরিক হামলা শুরু হওয়ার পর থেকে উকারটেলিকমের উপর সবচেয়ে বড় সাইবার হামলার ঘটনা এটি, ব্যাপকভাবে ব্যাহত হয়েছিল প্রতিষ্ঠানটির সেবা।
ইউক্রেইনে যুদ্ধের আগে প্রতিষ্ঠানটির ইন্টারনেট সংযোগের ব্যপ্তি যতোটা ছিল, সাইবার হামলায় সংযোগ তার ১৩ শতাংশে নেমে এসেছিল বলে জানিয়েছে নেটব্লক্স।
তবে, ইউক্রেইনের অন্যান্য ইন্টারনেট সেবাদাতার গ্রাহকরা সাইবার হামলায় কোনো বিপাকে পড়েননি বলে নিশ্চিত হয়েছে বিবিসি।
সেবার ভৌগলিক ব্যপ্তির হিসেবে নিজেদের দেশের বৃহত্তম ইন্টারনেট সেবাদাতা বলে পরিচয় দিয়ে থাকে উকারটেলিকম। তবে সেবাগ্রাহকদের সংখ্যার বিচারে ‘কিইভস্টার’-এর পেছনে রয়েছে প্রতিষ্ঠানটি।
বিবিসিকে উকারটেলিকম বলেছে, আগে যতো বড় এলাকা জুড়ে ইন্টারনেট সেবা ছিল, রাশিয়ার সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর তার ৮০ শতাংশে সেবা দিচ্ছে তারা।
এক বিবৃতিতে উকারটেলিকমের প্রধান ইউরিই কুর্মাজ প্রতিষ্ঠানের আইটি অবকাঠামোর ওপর এক ‘শক্তিশালী শত্রুর সাইবার হামলার’ খবর নিশ্চিত করেছেন।
“গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক অবকাঠামো সুরক্ষিত রাখতে এবং সামরিক বাহিনীকে দেওয়া সেবা অব্যাহত রাখতে আমরা বেশিরভাগ ব্যক্তিমালিকানাধীন এবং বাণিজ্যিক সেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম,” বলেন তিনি।
সাইবার হামলা সাফল্যের সঙ্গে প্রতিহত করার দাবিও করেছেন কুর্মাজ। বন্ধ করে দেওয়া সংযোগগুলো আবার নতুন করে চালু করার কথা জানিয়েছেন তিনি।
ইউক্রেইনের ‘স্টেট সার্ভিস ফর স্পেশাল কমিউনিকেশন অ্যান্ড ইনফর্মেশন প্রোটেকশন’-এর প্রধান ইউরিই শ্চিগল বলেছেন, ওই পরিস্থিতিতে তাদের বিশেষজ্ঞরা দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন এবং সফলভাবে প্রতিহত করা গেছে ওই আক্রমণ।
উকারটেলিকম আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা দেওয়ার আগেই বিষয়টি নজরে আসার কথা বিবিসিকে জানিয়েছেন নেটব্লক্স প্রধান আল্প টোকার। ব্যবহারকারীদের “সারা দিন ধরে ক্রমাগত বিচ্ছিন্ন হতে দেখেছেন যা ইঙ্গিত করে যে কেবল বা আন্তঃসংযোগে সমস্যা হয়নি বরং অপারেটরের ডেটা সেন্টারের কেন্দ্রীয় অবকাঠামোতেই জটিলতা দেখা দিয়েছিল। এটা সাইবার হামলার ইঙ্গিত হতে পারে,” বলে জানান তিনি।
“এর মানে দাঁড়ায় যে সবচেয়ে উত্তপ্ত যুদ্ধক্ষেত্রের সীমানা পেরিয়ে পুরো দেশ জুড়েই ওই ঘটনার প্রভাব পড়েছিল। ইউক্রেইনে নেটওয়ার্ক ব্যাহত করা বা অকার্যকর করার বেশিরভাগ ঘটনাগুলো যুদ্ধক্ষেত্র ও আশপাশের অঞ্চলেই বেশি হয়েছে।”
তবে, ওই একই সময়ে অন্যান্য ইন্টারনেট সেবদাতাদের পরিষেবা কার্যকর ছিল বলে নিশ্চিত করেছেন টোকার।
