আইওএস-অ্যান্ড্রয়েডে নতুন কৌশলে ক্রিপ্টো চুরি করছে হ্যাকাররা
নকল অ্যাপের মাধ্যমে আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ক্রিপ্টো মুদ্রা চুরির নয়া ফন্দি উন্মোচন করেছেন সাইবার নিরাপত্তা গবেষকরা। প্রায় বছরখানেক ধরে সাইবার অপরাধীরা এভাবে ক্রিপ্টো মুদ্রা চুরি করছেন বলে নিশ্চিত হয়েছেন তারা।
সাইবার অপরাধীদের নয়া ফন্দিটি আবিষ্কার করেছে অ্যান্টিভাইরাস নির্মাতা ‘ইসেট’। ইন্টারনেট নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাইবার অপরাধীদের মূল লক্ষ্য ছিল আইওএস এবং অ্যান্ড্রয়েড মোবাইলের ব্যবহারকারীরা। গেল বছরের মে মাস থেকে সক্রিয় আছে ক্রিপ্টো চুরির অভিনব কৌশলটি।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার জানিয়েছে, এই ঘটনার পেছনে মূল হোতা হিসেবে সন্দেহ করা হচ্ছে সাইবার অপরাধীদের একটি নির্দিষ্ট দলকে। ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে নকল অ্যাপ ছড়িয়ে দেয় তারা। সংক্রমণের পর বিটকয়েনসহ অন্যান্য ক্রিপ্টো মুদ্রা চুরি করে নেওয়া হয় ভুক্তভোগীর ডিভাইস থেকে।
ভুয়া অ্যাপগুলো মেটামাস্ক, কয়েনবেইজ, ট্রাস্ট ওয়ালেট, টোকেন পকেট, বিটপাই এবং ওয়ানকি’র মতো পরিচিতি ক্রিপ্টো ওয়ালেটকে নকল করে বলে জানিয়েছে সাইটটি।
প্রতারক চক্রটি প্রথমে নির্ভরযোগ্য ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ভুয়া ওয়েবসাইটের প্রচারণা চালায় এবং ভুয়া ক্রিপ্টো ওয়ালেটের বিপণন করে। এ ছাড়াও ফেইসবুক ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে মধ্যস্থতাকারী নিয়োগ দেওয়া হয় বলে জানিয়েছে টেকরেডার।
ইসেট গবেষকরা বলছেন, এখন পর্যন্ত প্রতারণার ভুক্তভোগীদের সিংহভাগই চীনা নাগরিক। তবে, ক্রিপ্টো মুদ্রার জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে একই কৌশল বিশ্বের অন্যান্য অঞ্চলে প্রয়োগের আশঙ্কা করছেন গবেষকরা।
ক্রিপ্টো চুরির অভিনব কৌশলটি আবিষ্কার করেছেন ইসেট গবেষক লুকাস স্টেফাঙ্কো। তিনি বলেন, “ভুক্তভোগীর জন্য ক্ষতিকর অ্যাপগুলোর আরেকটি বিপজ্জনক দিক রয়েছে। কিছু অ্যাপ আক্রমণকারীর সার্ভারে অনিরাপদ এইচটিটিপি সংযোগের মাধ্যমে গোপন ‘সিড ফ্রেজ’ পাঠায়। অর্থাৎ, এক্ষেত্রে ওই নেটওয়ার্কে আড়ি পেতে থাকা অন্য হ্যাকাররাও ভুক্তভোগীর ক্রিপ্টো মুদ্রা চুরির সুযোগ পায়।”
“কেবল ‘জ্যাক্স লিবার্টি ওয়ালেট’ নকল করে তৈরি ১৩টি অ্যাপের সন্ধান পেয়েছি আমরা। সবগুলো অ্যাপই গুগলের প্লে স্টোরে ছিল।”
গেল বছরের মে মাসে এই ‘ট্রোজান ওয়ালেট’গুলো আবিষ্কার করা শুরু করেন ইসেটের নিরাপত্তা গবেষকরা।
টেকরেডার বলছে, অন্যান্য সাইবার অপরাধীদের সঙ্গে এই ‘ট্রোজান ওয়ালেট’ নির্মাতার পার্থক্য হচ্ছে, নির্ভরযোগ্য ক্রিপ্টো ওয়ালেট অ্যাপে নিজেদের কোড জুড়ে দিতে সময় নিয়ে অ্যাপগুলো নিয়ে গবেষণা করে প্রস্তুতি নিয়েছে ওই হ্যাকাররা। ফলে, ক্ষতিকর কোডগুলো চিহ্নিত করাও কঠিন কাজ। একই সঙ্গে ভুয়া অ্যাপগুলোর কার্যক্ষমতা যেন মূল অ্যাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সেটাও নিশ্চিত করার চেষ্টা করেছে হ্যাকাররা।
২০২১ সালের মে মাস থেকে কয়েক ডজন টেলিগ্রাম গ্রুপ ক্রিপ্টো মুদ্রা ওয়ালেটগুলোর প্রচারণা চালাচ্ছে বলে জানিয়েছে ইসেট। অক্টোবর মাস থেকে একই প্রচারণা চালানো হয়েছে ৫৬টি ফেইসবুক পেইজে, বিপণনের জন্য আরও অংশীদার খুঁজছিল হ্যাকাররা। আর নভেম্বর মাসে চীনের দুটি নির্ভরযোগ্য ওয়েবসাইটেও ছড়িয়ে পড়ে নকল অ্যাপগুলো।
অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে ট্রোজান অ্যাপগুলোর আচরণও ভিন্ন। অ্যান্ড্রয়েডে ক্রিপ্টো মুদ্রার নতুন ব্যবহারকারীদের টার্গেট করে অ্যাপগুলো। আর একই সঙ্গে মূল অ্যাপ ও ট্রোজান অ্যাপের উপস্থিতি থাকতে পারে আইওএস ব্যবহারকারীর ডিভাইসে।
অন্যদিকে, সোর্স কোড ফাঁস হয়ে চীনা ওয়েবসাইটে ছড়িয়ে পড়ায় আরও বেশি সংখ্যক সাইবার অপরাধী সেটি কপি করার চেষ্টা করবে বলে আশঙ্কা করছে টেকরেডার।
