২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় স্ট্রিমিং সেবা বন্ধ করছে স্পটিফাই

রাশিয়ায় স্ট্রিমিং সেবা বন্ধের ঘোষণা দিয়েছে অডিও স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাই। রাশিয়ার নতুন গণমাধ্যম আইনের প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সুইডিশ প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2022, 07:04 PM

Updated : 02 Aug 2022, 03:12 PM

চলতি মাসের শুরুতেই রাশিয়ায় নিজস্ব কার্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে স্পটিফাই। কারণ হিসেবে ইউক্রেইনে মস্কোর ‘বিনা প্ররোচণায় আক্রমন’-এর কথা বলেছে প্ল্যাটফর্মটি।

রাশিয়ার সামরিক বাহিনীর কর্মকাণ্ডকে “অসম্মান” করতে পারে এমন যে কোনো প্রতিবেদনকে অবৈধ ঘোষণা করা হয়েছে দেশটির নতুন আইনে। 

“ওই অঞ্চলের বিশ্বাসযোগ্য, স্বাধীন খবর ও তথ্য সরবরাহের জন্য রাশিয়ায় আমাদের সেবা চালু রাখা খুবই গুরুত্বপূর্ণ বলে বিশ্বাস করে এসেছে স্পটিফাই,”-- এক বিবৃতিতে বলেছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি।   

“দুর্ভাগ্যবশত, সম্প্রতি কার্যকর হওয়া আইনের ফলে তথ্য সংগ্রহে আরও বাধা সৃষ্টি হওয়া, বাকস্বাধীনতা হরণ এবং নির্দিষ্ট কিছু সংবাদ অপরাধ কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হওয়ায় স্পটিফাই কর্মীদের নিরাপত্তা, এমনকি আমাদের শ্রোতাদের নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে।”

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এপ্রিলের শুরুতে রাশিয়ায় সেবা বন্ধ করে দেবে স্পটিফাই।

রাশিয়ায় চলতি মাসের শুরুতেই সেবা বন্ধ করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। রাশিয়া সরকারের দাবি মেনে দেশটির রাষ্ট্রায়ত্ব চ্যানেলের কনটেন্ট প্রচারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি।