২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাহরাইনের পর দুবাইয়ে লাইসেন্স পেল বাইন্যান্স

উপসাগরীয় অঞ্চলে বাহরাইনের পর এবার দুবাই থেকেও ভার্চুয়াল সম্পদ লেনদেনের লাইসেন্স পেয়েছে বাইন্যান্স। দুবাইয়ে ‘নির্দিষ্ট কিছু ব্যবসায়িক কর্মকাণ্ড’ পরিচালনার লাইসেন্স পাওয়ার খবর নিশ্চিত করেছে ক্রিপ্টো মুদ্রা লেনদেনের শীর্ষ এক্সচেঞ্জটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2022, 05:08 PM

Updated : 02 Aug 2022, 03:08 PM

দুবাইয়ের লাইসেন্স পাওয়ার খবর বাইন্যান্স জানিয়েছে বুধবার। দুবাই থেকেই উপসাগরীয় অঞ্চলে ব্যবসা পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবারেই বাইন্যান্সকে ‘ক্রিপ্টো সেবাদাতা লাইসেন্স’ দেওয়ার খবর নিশ্চিত করেছিল বাহরাইনের কেন্দ্রীয় ব্যাংক এবং  ‘গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি)’। জিসিসি থেকে দেওয়া এ ধরনের প্রথম লাইসেন্স এটি।

অন্যদিকে নতুন ‘ভার্চুয়াল অ্যাসেট রেগুলেটরি অথরিটি (ভারা)’ গঠন করেছে দুবাই। ক্রিপ্টো মুদ্রা বাজারের পর্যবেক্ষক সংস্থাটির অনুমোদন প্রথম লাইসেন্সটিও গেল বাইন্যান্সের হাতেই।

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, “প্রাক-যোগ্য বিনিয়োগকারী এবং পেশাদারী আর্থিক সেবাদাতাদের সীমিত পরিসরে পণ্য ও সেবা লেনদেনের অনুমোদন দেওয়া হয়েছে বাইন্যান্সকে। খুচরা বাজারে দ্বার খোলার জন্য সকল লাইসেন্সকৃত ভারা সেবাদাতাকে পর্যবেক্ষণ রাখা হবে।”

এ ছাড়াও ‘দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (ডিডব্লিউটিসি)’-এ ব্লকচেইন হাব বসানোর কথা বলেছে প্রতিষ্ঠানটি।

বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারকদের সমালোচনার মুখে রয়েছে বাইন্যান্স। ক্রিপ্টো মুদ্রা এক্সচেঞ্জটির নির্দিষ্ট কিছু কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা দিয়েছে একাধিক বাজারের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। একাধিক বাজার পর্যবেক্ষক সংস্থা তাদের এখতিয়ারের মধ্যে বাইন্যান্সের কর্মকাণ্ড বেআইনি বলে সেবাগ্রাহকদের সতর্ক করে দিয়েছে।

তবে, ভার্চুয়াল সম্পদ খাতের পৃষ্ঠপোষক হিসেবে আবির্ভূত হয়েছে উপসাগরীয় অঞ্চলের অর্থনীতির কেন্দ্র হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। রয়টার্সের প্রতিবেদন বলছে, স্থানীয় পর্যায়ে ব্যবসায়িক প্রতিযোগিতা বাড়তে থাকায় ভার্চুয়াল সম্পদ খাতকে নীতিমালার অধীনে এনে এবং পৃষ্ঠপোষকতা করে নতুন ব্যবসায়িক কর্মকাণ্ড আকৃষ্ট করার চেষ্টা করছে ইউএই সরকার।

গেল সপ্তাহেই ক্রিপ্টো মুদ্রা এবং ডিজিটাল সম্পদবিষয়ক আইন পাশ করেছে দুবাই। এই ব্যবসা খাতটিকে নিয়ন্ত্রণের জন্য ‘ভারা’ গঠন করা হয়েছে।

আন্তার্জাতিক ভার্চুয়াল সম্পদ লেনদেন পরিষেবার জন্য প্রয়োজনীয় পারিপার্শিক অবস্থা গড়ে তোলার জন্য ডিডব্লিউটিসির সঙ্গে কাজ চলছে বলে ডিসেম্বর মাসেই জানিয়েছিল বাইন্যান্স। 

এ প্রসঙ্গে ডিডব্লিউটিসির মহাপরিচালক জেনারেল হেলাল সাইদ আলমাররি বলেন, “নতুন ঘোষিত নীতিনির্ধারণী ব্যবস্থার অধীনে বাইন্যান্স দুবাই থেকেই আঞ্চলিক ব্যবসা চালাতে পারবে। আন্তর্জাতিকভাবে প্রযোজ্য নীতিমালা কাঠামোর অধীনেই থাকবে এর কর্মকাণ্ড।”