মহাশূন্য ফেরত মার্কিন নভোচারী নামবেন রাশিয়ায়, তারপর?
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একই প্রকল্পে কাজ করছেন রাশিয়ান ও মার্কিন নভোচারীরা। কথা রয়েছে আমেরিকান নভোচারী ফিরবেন রাশিয়ান নভোযান সয়ুজে চড়ে, নামবেন রাশিয়ায়। এই মূহুর্তের প্রশ্ন হলো, তাকে অক্ষত ফেরত দেবে ইউক্রেইন আক্রমণ করে নিষেধাজ্ঞার কবলে পড়া রাশিয়া?
রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা ‘রসকসমস’ অভয় দিয়ে বলছে, সেই নভোচারীকে তারা পরিকল্পনা মোতাবেক বাড়ি পৌছে দেবে।
নাসার নভোচারী মার্ক ভান্দে হেই ‘আইএসএস’-এ আছেন ২০২১ সালের এপ্রিল থেকে। কাজাখস্তান থেকে রাশিয়ান ‘সয়ুজ’ রকেটে করে তিনি যখন ‘আইএসেস’-এ যান তখনো শুরু হয়নি ইউক্রেইন সঙ্কট। এরইমধ্যে ‘আইএসএস’-এ থাকাকালীন তার থাকার সময়কাল বাড়িয়ে এক বছর করা হয়; আরেকটি ‘সয়ুজ’ ক্যাপস্যুল-এ তার বাড়ি ফেরার কথা ছিল ৩০ মার্চ।
ফেরার দিন ঘনিয়ে আসায় এবার গুজব উঠেছে, ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসনের ফলে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞার সরাসরি জবাব দিতে ‘আন্তর্জাতিক মহাকাশ স্টেশন’ বা ‘আইএসএস’-এ থাকা মার্কিন নভোচারীকে ঠেকানোর ‘হুমকি’ দিয়েছে রাশিয়া। এর সমর্থনে একাধিক সংবাদ প্রতিবেদনও প্রকাশিত হয়েছে গত সপ্তাহে।
রাশিয়া ভান্দে হেইকে ‘সয়ুজ’-এ বাড়িতে পাঠাতে অস্বীকৃতি জানানোর আশঙ্কায় গত সপ্তাহ থেকে এ ভীতি ছড়াতে শুরু করে। এর সূত্রপাত হয় রাশিয়ান সংবাদ সংস্থা ‘আরআইএ নভস্তি’র একটি ভিডিও ফুটেজ থেকে। ৫ মার্চের ওই ফুটেজে ‘আইএসএস’-এ রাশিয়ান নভোচারীদের সঙ্গে ভান্দে হেইকে দেখানো হয়।
মার্কিন সংবাদ সংস্থাগুলো ভিডিওটিকে খুব গুরুত্বের সঙ্গে নিয়ে এর নিজস্ব ব্যাখ্যাও তৈরি করেছে। জনপ্রিয় শো ‘গুড মর্নিং আমেরিকা’ এবং ফক্স নিউজ সহ অন্যান্য সংবাদ সংস্থা প্রতিবেদনে দাবি করেছে, রাশিয়া ভান্দে হেইকে ফেলে আসার হুমকি দিচ্ছে। যদিও রাশিয়ান সংবাদ সংস্থা ‘তাস’ এক প্রতিবেদনে সেই দাবি খণ্ডন করেছে।
এ ‘হুমকি’র গুরুত্ব নিয়ে অবশ্য সংশয় ছিল প্রথম থেকেই। ‘রসকসমস’ প্রধান দিমিত্রি রোগোজিন তার টেলিগ্রাম চ্যানেলে ‘আরআইএ নভস্তি’র ভিডিওটি একটি ক্যাপশনসহ পোস্ট করে একে নিছক ‘রসিকতা’ বলে আখ্যা দিয়েছেন।
“রাশিয়ার ‘আইএসএস’ প্রকল্প প্রত্যাহার করার সম্ভাবনা ‘রসকসমস টেলিভিশন স্টুডিও’ কেবল ‘রসিকতা’ করে দেখিয়েছে। কারণ রাশিয়ান অংশ ছাড়া স্টেশনের প্রকল্পের আমেরিকান অংশ থাকতে পারে না।” ক্যাপশনে লিখেছেন রোগোজিন।
“মার্কিন নভোচারী মার্ক ভান্দে হেইসহ রাশিয়ান নভোচারী আন্তন শ্কাপলেরভ এবং পাইতোর দুব্রোভ ‘সয়ুজ এমএস-১৯’ নভোযানে ৩০ মার্চ বাড়ি ফিরবেন।” -- রসকসমস এক বিবৃতিতে জানিয়েছে ‘তাস’কে।
পরিকল্পনামাফিক পৃথিবীতে ফিরলে কোনো মার্কিন নভোচারীর টানা সবচেয়ে বেশিদিন মহাকাশে থাকার রেকর্ডটি তার হবে, সংখ্যার হিসেবে এটি ৩৫৩ দিন।
ভান্দে হেই এবং তার সঙ্গীরা কাজাখস্তানে অবতরণ করবেন, যেখানে আগের সব ‘সয়ুজ’ রকেট নেমেছে। নাসা-ও বলেছে, মার্কিন মহাকাশ সংস্থা এবং রসকসমস ‘‘আইএসএস’-এ একসঙ্গে কাজ করে যাবে এবং তাদের কার্যক্রম আগের মতই স্বাভাবিক থাকবে।
ভান্দে হেই সম্পর্কে দাবি প্রত্যাখ্যান করে ভীতি কমানোর চেষ্টা রয়েছে ‘তাস’-এর প্রতিবেদনে। “সহযোগী হিসেবে কখনোই নির্ভরযোগ্যতা নিয়ে সন্দেহ করতে দেয়নি রসকসমস” বিবৃতিতে বলেছে প্রতিষ্ঠানটি।
