২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাইভস্ট্রিমে মডারেটর ‘নিয়োগের’ ফিচার আনছে ইনস্টাগ্রাম

অবশেষে লাইভস্ট্রিমে মডারেটর যোগ করার ফিচার আনছে ইনস্টাগ্রাম। অন্যান্য সামাজিক মাধ্যমের লাইভস্ট্রিমে মডারেটর যোগ করার সুযোগ থাকলেও, এতোদিন ইনস্টাগ্রামে অনুপস্থিত ছিল এটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2022, 07:56 PM

Updated : 28 Apr 2022, 11:50 PM

ইনস্টাগ্রামে লাইভ কনটেন্ট মডারেটররা এখন ভিডিও বা লাইভ স্ট্রিম চলাকালীন কমেন্ট রিপোর্ট করতে পারবেন বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। এ ছাড়াও, স্ট্রিম থেকে ‘বিরক্তিকর’ দর্শকদের সরিয়ে দিওয়া এবং নির্দিষ্ট দর্শকের কমেন্ট ‘মিউট’ করার সক্ষমতাও পাবেন মডারেটররা।

কনটেন্ট নির্মাতারা লাইভ চলাকালীন কমেন্ট বারে থাকা তিনটি ডট চেপে, সেখানে অ্যাকাউন্ট তালিকা থেকে পছন্দমতো মডারেটর বেছে নিয়ে অথবা সার্চ বারে নির্দিষ্ট কোনো অ্যাকাউন্ট খুঁজে একজন মডারেটর নিয়োগ দিতে পারবেন বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।

‘ইনস্টাগ্রাম লাইভ’ ফিচারটি চালু হয়েছে ২০১৬ সালে। সেখানে মডারেটর নিয়োগ দেওয়ার ফিচারটি আসতে এতো দেরি হওয়া কিছুটা অবাক করার মতোই– মন্তব্য ভার্জের।

যে কোনো লাইভ স্ট্রিমে খুব সহজেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তাই, টুইচ ও ইউটিউব-এর মতো অন্যান্য লাইভস্ট্রিম প্ল্যাটফর্মের জন্য একটি অতিপ্রয়োজনীয় ফিচার হয়ে দাঁড়িয়েছে ‘মডারেশন’ সুবিধা। ব্যবহারকারীর লাইভ স্ট্রিমে মডারেটর নিয়োগের ফিচার আছে ফেইসবুকেও।

অন্যদিকে, ভিডিও বা লাইভ স্ট্রিম থেকে আয়ের সুযোগ করে দিয়ে আরো বেশি কনটেন্ট নির্মাতাকে আকৃষ্ট করার চেষ্টা করছে  মেটা মালিকানাধীন অ্যাপটি। লাইভ স্ট্রিমের চ্যাটিংয়ে মডারেটরের উপস্থিতি নির্মাতাদের জন্য পুরো অভিজ্ঞতা আরো ইতিবাচক করে তুলবে বলে আশার কথা জানিয়েছে ভার্জ।