শতকোটি ডলারের ক্রিপ্টো নিয়ে ‘স্বর্গের খোঁজে’ রাশিয়ানরা
অর্থ সম্পদের ‘নিরাপদ স্বর্গের’ খোঁজে সংযুক্ত আরব আমিরাতমুখী (ইউএই) হয়েছেন রাশিয়ানরা। রাশিয়ার নাগরিকদের লাগাতার ক্রিপ্টো বেচার অনুরোধে ‘হতবাক’ হয়ে পড়েছেন ইউএইর ক্রিপ্টো মুদ্রা লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।
রাশিয়ার নাগরিকদের কেউ কেউ ক্রিপ্টো মুদ্রা বেচে ভূসম্পদ কিনছেন সংযুক্ত আরব আমিরাতে। বাকিদের বেশিরভাগ ক্রিপ্টো মুদ্রা বেচে অর্থ জমা করছেন বিশ্বের বিভিন্ন স্থানে।
রয়টার্স জানিয়েছে, গেল ১০ দিনে সুইস মধ্যস্বত্বভোগীদের কাছ কয়েকশ কোটি ডলারের বিটকয়েন তরলীকরণের অনুরোধ পেয়েছে ইউএইর একটি ক্রিপ্টো মুদ্রা লেনদেন প্রতিষ্ঠান। ওই সুইস প্রতিষ্ঠানগুলোর সেবাগ্রাহকদের মধ্যে রাশিয়ানদের ভয়, তাদের অ্যাকাউন্ট থেকে লেনদেনের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে সুইজারল্যান্ড সরকার, আটকে যাবে তাদের অর্থ সম্পদ। ক্রিপ্টো মুদ্রা লেনদেনের প্রতিষ্ঠানটির এক কর্মী জানিয়েছেন, সুইস মধ্যস্বত্বভোগীদের অনুরোধগুলোর কোনোটিই দুইশ কোটি ডলারের কম ছিল না।
সাধারণত, তার প্রতিষ্ঠান প্রতি মাসে এমন বড় লেনদেনের একটি অনুরোধই পায় বলে জানিয়েছেন ওই কর্মী।
“একজন আমাদের কাছে এসেছিল – আমি জানি না তিনি কে, কিন্তু একজন মধ্যস্বত্বভোগীর মাধ্যমেই এসেছিলেন তিনি – কিন্তু তারা এক লাখ ২৫ হাজার বিটকয়েন বিক্রি করতে চেয়েছিলেন। আর শুনে আমি বললাম, ‘কি! এতো ছয়শ’ কোটি ডলার’। আর তারা বললেন, ‘হ্যাঁ, আমরা এটা অস্ট্রেলিয়ার এক প্রতিষ্ঠানে পাঠাবো,” বলেন ওই ক্রিপ্টো লেনদেন প্রতিষ্ঠানের ওই কর্মী।
ভূমধ্যসাগরিয় দেশগুলোর আর্থিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে দুবাই পরিচিতি পেয়েছে আগেই। সাম্প্রতিক বছরগুলোয় ‘ক্রিপ্টো হাব’ হিসেবেও আত্মপ্রকাশ করেছে শহরটি। বরাবরই বিশ্বের শীর্ষ ধনীদের আকৃষ্ট করেছে দুবাই। রয়টার্সের প্রতিবেদন বলছে, ইউএই রাশিয়া-ইউক্রেইন দ্বন্দ্বে পশ্চিমা মিত্রদের পক্ষ না নেওয়ায় ইউএই-তে রাশিয়ানদের অর্থ সম্পদ নিরাপদ থাকবে, এমন ইঙ্গিত দিয়েছে মস্কো।
রাশিয়ার নাগরিকদের ক্রিপ্টো মুদ্রার মাধ্যমে জায়গা জমি কিনতে সহযোগিতা করতে ক্রিপ্টো মুদ্রা লেনদেনের প্রতিষ্ঠানের সঙ্গে জোট বেঁধেছেন এক দালাল বা মধ্যস্বত্বভোগী। রয়টার্সকে তিনি বলেছেন, “আমরা অনেক রাশিয়ান এমনকি বেলারুশিয়ানকেও দুবাইয়ে আসতে দেখছি। যা কিছু পারছেন, নিয়ে আসছেন তারা, এর মধ্যে ক্রিপ্টোও আছে।”
অবরোধ/নিষেধাজ্ঞা এড়ানোর সহজ পথ?
রাশিয়ানরা ইউএই-তে জায়গা জমি কিনছেন বলে রয়টার্সকে নিশ্চিত করেছে এক নির্ভরযোগ্য সূত্র। এ ক্ষেত্রে ক্রিপ্টো মুদ্রাকে ব্যবহার করা হচ্ছে অন্যদের এখতিয়ার এড়িয়ে অর্থ সম্পদ উপসাগরীয় দেশটিতে আনার মাধ্যম হিসেবে।
তবে, পশ্চিমা নিষেধাজ্ঞা মেনে রাশিয়ানদের ক্রিপ্টো অ্যাকাউন্ট ব্লক করার দাবি করেছে ক্রিপ্টো মুদ্রা এক্সচেঞ্জেগুলো।
ক্রিপ্টো মুদ্রা যেন অবরোধ-নিষেধাজ্ঞা এড়ানোর মাধ্যম হিসেবে ব্যবহৃত না হয়, সেটি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছে কয়েনবেইজ এবং বাইন্যান্সের মতো শীর্ষ ক্রিপ্টো এক্সচেঞ্জগুলো।
তারপরও পরিচয় গোপন রেখে লেনদেনের বড় সুযোগ রয়েছে ক্রিপ্টো মুদ্রা প্রযুক্তিতে। অবরোধ-নিষেধাজ্ঞা পাশ কাটানোর সম্ভাব্য পথগুলো বন্ধ করতে কঠোরতর তদারকির দাবি তুলেছে জার্মানি ও এস্তোনিয়ার মতো ইউরোপিয়ান দেশগুলো।
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতে নিজের অর্থ সম্পদের জন্য নিরাপদ আশ্রয় খুঁজছেন এমন রাশিয়ানদের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় শঙ্কিত হয়ে পড়েছেন পশ্চিমা কূটনীতিকরা। ইউএই-তে জায়গা জমি কিনছেন যে রাশিয়ানরা তাদের একটা অংশ নিজেদের দেশে নিষেধাজ্ঞার শিকার প্রভাবশালী নাগরিকদের পক্ষে কাজ করছেন বলে আশঙ্কা কূটনীতিকদের।
তৃতীয় আরেক কূটনীতিক বলেছেন, তিনি আশা করছেন যে নিজস্ব পরিচিতির উপর এ ধরনের লেনদেনের প্রভাব বুঝে যথাযথ পদক্ষেপ নেবে স্বর্ণ লেনদেনের হাব ইউএই।
মার্চ মাসেই আর্থিক অপরাধ এবং পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইউএই-কে ‘ধূসর তালিকাভূক্ত’ করেছে ‘ফাইন্যানশিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)’।
রিয়াল এস্টেট ও মূল্যবান ধাতবসহ বেশ কয়েকটি বাণিজ্যিক খাতে ঝুঁকির কথা জানিয়েছে এফএটিএফ। মার্চের দ্বিতীয় সপ্তাহেই নতুন ভার্চুয়াল সম্পদ আইন চালু করেছে দুবাই, চালু করা হয়েছে একটি পর্যবেক্ষক সংস্থা।
ওই পর্যবেক্ষক সংস্থাটি বলছে, নতুন নীতিমালা ঘোষণার কাছাকাছি চলে এসেছে তারা এবং এই খাতে অর্থ পাচারের ঝুঁকি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গেও আলাপ করেছে তারা।
তবে এ প্রসঙ্গে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি দুবাইয়ের মিডিয়া অফিস বা ইউএই-র কেন্দ্রীয় ব্যাংক।
নতুন কিছু বলার নেই বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়; অর্থ পাচার বন্ধ করতে এবং উগ্রপন্থী কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধে এফএটিএফ এর সঙ্গে কাজ করতে দেশের সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে আগেই জানিয়েছিল তারা।
মুদ্রাস্ফীতির প্রভাব থেকে পালানোর গন্তব্য ইউএই?
বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, ক্রিপ্টো মুদ্রায় বড় অংকের লেনদেন লুকানো বেশ কঠিন । ব্লকচেইন খতিয়ানে প্রতিটি ক্রিপ্টো লেনদেন লিপিবদ্ধ রাখা হয়। ফলে, পুরো প্রক্রিয়ার অনেকটা জুড়েই স্বচ্ছতার আবহ বিরাজ করে। আর এই অবস্থায় বড় অংকের লেনদেন গোপন রাখা সহজ নয়।
গেল সোমবারেই যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ বলেছে, ক্রিপ্টো মুদ্রার মাধ্যমে বাণিজ্যিক ও আর্থিক লেনদেনের নিষেধাজ্ঞা এড়ানো সহজ কাজ হবে না। তবে, এই খাতের প্রতিষ্ঠানগুলোকে সজাগ দৃষ্টি রাখতে বলেছে তারা।
সংশ্লিষ্ট দুই সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলছে, প্রাথমিক অবস্থায় রাশিয়ানদের সঙ্গে ব্যবসা করলে সুনাম ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছিল সংযুক্ত আরব আমিরাতের ব্যবসা প্রতিষ্ঠানগুলো। তবে, ইউক্রেইনে আগ্রাসন প্রসঙ্গে জাতিসংঘের নিন্দা প্রস্তাবে রাশিয়া ভিটো দেওয়ার সময় ইউএই কোনো পক্ষ না নেওয়ায় রাশিয়ানদের উপর ব্যবসায়িক বিধিনিষেধ আরোপের প্রয়োজন নেই এমন ইঙ্গিত পেয়েছেন তারা।
বেশ কয়েক বছরে ধরে রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক গড়েছে ইউএই। ইউক্রেইনে সামরিক আগ্রাসনের ঘটনায় পশ্চিমা শক্তির সঙ্গে তাল মেলাতে যায়নি দেশটি, কোনো নিষেধাজ্ঞা দেয়নি রাশিয়ার উপর। এ প্রসঙ্গে কোনো নির্দেশনাও দেয়নি দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
তবে, সাম্প্রতিক সময়ে রাশিয়ার সেবাগ্রাহকদের আগ্রহ আরো বেড়েছে বলে নিশ্চিত করেছেন ব্যবসায়িক পরামর্শক প্রতিষ্ঠান ‘হিলি কনসালটেন্টস’-এর কর্মী আপ্রুভ ত্রিভেদি। ক্রিপ্টো মুদ্রা লেনদেনের প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান নির্মাণে সহযোগিতা করে প্রতিষ্ঠানটি।
“রাশিয়ার মুদ্রার উপর যে মুদ্রাস্ফীতি চাপ সৃষ্টি হয়েছে, তারা আসলে সেটি থেকে নিজেদের রক্ষার চেষ্টা করছেন। তাই তারা যে ঝুঁকির মুখে পড়েছেন, সেটি মোকাবেলার ইতিবাচক মাধ্যমে হিসেবে ব্যবহৃত হচ্ছে ক্রিপ্টো,” রয়টার্সকে বলেন ত্রিভেদি।
হিলি’র আরেক কর্মী সাম ফাদলাল্লাহ রয়টার্সকে বলেছেন, রাশিয়ানদের কাছ থেকে আসা অর্থ সম্পদের একটা বড় অংশ যাচ্ছে দুবাইয়ের রিয়াল এস্টেট ব্যবসায়।
“মানুষ শহরতলীর ডজন ডজন অ্যাপার্টমেন্টে নিজেদের অর্থ সম্পদ জমা করছে।”
“রুবলের দাম পড়তে থাকায় বাজির ঘোড়া হিসেবে অনেক রাশিয়ানকে নিজস্ব সম্পদ ক্রিপ্টো মুদ্রায় পরিণত করে নিতে দেখছি আমরা। আর ইউএই-তে ক্রিপ্টো স্থানান্তরের নীতিমালা এবং নিয়ন্ত্রণ তুলনামূলক ঢিলেঢালাই বলা চলে,”-- যোগ করেন তিনি।
