‘এম২’ ও ‘এম২ প্রো’ চিপ থাকবে নতুন ম্যাক মিনিতে
অ্যাপলের নতুন ‘ম্যাক স্টুডিও’ কম্পিউটার নিয়ে আলোচনা এখনো থামেনি; এর মধ্যেই খবর রটেছে, নতুন দুটি ‘ম্যাক মিনি’ নিয়ে কাজ করছে অ্যাপল।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ৯টু৫ ম্যাক ‘নির্ভরযোগ্য সূত্রের’ বরাত দিয়ে জানিয়েছে, নতুন দুই ম্যাক মিনিতে দ্বিতীয় প্রজন্মের ‘অ্যাপল সিলিকন’ চিপ ‘এম২’ এবং ‘এম২ প্রো’ রাখবে আইফোন নির্মাতা কোম্পানিটি।
আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই অ্যাপল নতুন ‘ম্যাক স্টুডিও’ আনতে যাচ্ছে বলে এর আগে জানিয়েছিল ওই একই ওয়েবসাইট।
এম২ ম্যাক মিনি
৯টু৫ ম্যাকের প্রতিবেদন বলছে, নতুন ম্যাক মিনির ‘এম২’ চিপ নির্ভর সংস্করণটিকে চিহ্নিত করা হচ্ছে ‘জে-৪৭৩ (J473)’ কোডনেইম দিয়ে। অ্যাপলের পরবর্তী প্রজন্মের ম্যাক ও আইপ্যাডের জন্য ‘এন্ট্রি-লেভেল’ চিপ হিসেবে বিবেচিত হবে ‘এম২’।
‘এম২’-এর কোডনেইম ‘স্ট্যাটেন,’ হালের ‘এ১৫ বায়োনিক’ চিপের অনুকরণে নকশা করা হয়েছে এর। আর ‘এম১’ চিপের নকশা করা হয়েছিল ‘এ১৪ বায়োনিক’-এর অনুকরণে।
‘এম১’-এর মত ‘এম২’-তেও আট কোরের সিপিইউ থাকবে। এর মধ্যে থাকবে চারটি পারফর্মেন্স কোর এবং চারটি এফিশিয়েন্সি কোর। তবে, আরো শক্তিশালী ১০ কোরের জিপিইউ থাকবে ‘এম২’-তে।
৯টু৫ ম্যাক বলছে, নতুন ‘পারফর্মেন্স’ কোরের ছদ্মনাম ‘অ্যাভালানশ’ এবং ‘এফিশিয়েন্সি’ কোরের ছদ্মনাম রাখা হয়েছে ‘ব্লিজার্ড’।
‘এম২’ নির্ভর ম্যাক মিনি’র নকশার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং এ বছরের শেষ নাগাদ নতুন ম্যাক মিনির ঘোষণা আসবে বলে জানিয়েছে সাইটটি।
এম২ প্রো ম্যাক মিনি
নিজস্ব সূত্রের বরাত দিয়ে ৯টু৫ ম্যাক বলছে, প্রথমে ম্যাক মিনির বর্তমান সংস্করণেই ‘এম১ প্রো’ এবং ‘এম১ ম্যাক্স’ জুড়ে দিয়ে ব্যয়বহুল দুটি সংস্করণ বাজারজাত করার পরিকল্পনা ছিল অ্যাপলের। সম্ভবত, ম্যাক স্টুডিওর কারণেই বাতিল হয়েছে সেই পরিকল্পনা।
এবার, ‘এম২ প্রো’ চিপবাহী নতুন ম্যাক মিনির পরিকল্পনা হাতে নিয়েছে অ্যাপল। কম্পিউটারটিকে অভ্যন্তরীণভাবে চিহ্নিত করা হচ্ছে ‘জে৪৭৪ (j474)’ নামে। আটটি পারফর্মেন্স কোর ও চারটি এফিশিয়েন্সি কোর নিয়ে ১২ কোরের সিপিইউ থাকবে এতে।
এখনও ম্যাক মিনিতে ‘এম২’ লাইনের ‘ম্যাক্স’ বা ‘আল্ট্রা’ সংস্করণের চিপ ব্যবহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ৯টু৫ ম্যাক। তার আগ পর্যন্ত অ্যাপল সম্ভবত ম্যাক মিনি লাইনআপে ইনটেল চিপ নির্ভর কম্পিউটার রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছে সাইটটি।
ফেব্রুয়ারি মাসে ব্লুমবার্গ এক প্রতিবেদনে বলেছিল, অ্যাপল সম্ভবত জুন মাসের ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) ম্যাক কম্পিউটারের নতুন সংস্করণ দেখাবে। ৯টু৫ ম্যাকের তথ্য সত্যি হলে, সম্ভবত ওই আয়োজনেই দেখা মিলবে এম২ চিপের নতুন দুই ম্যাক মিনির।
