২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খনিজ তেল উৎপাদন বাড়ানোর তাগিদ মাস্কের

খনিজ তেলের ওপর নির্ভরশীলতা কমানো আর সেজন্য বিদ্যুচ্চালিত গাড়ির ব্যবহার বাড়ানোর আন্দেলনে যদি কোনো মুখপাত্র থাকেন, সেটি নিঃসন্দেহে ইলন মাস্ক। এখন সেই ব্যক্তিই বলছেন খনিজ তেলের উৎপাদন বাড়ানোর কথা!

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2022, 07:46 PM

Updated : 02 Aug 2022, 03:03 PM

মাস্কের লাখ কোটি ডলার বাজারমূল্যের টেসলা গত বছরই প্রায় দশ লাখ বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদন করেছে।

“বলতে খারাপ শোনালেও, অবিলম্বে খনিজ তেল ও গ্যাসের উৎপাদন বাড়াতে হবে। বিশেষ সময়ে বিশেষ পদক্ষেপ দাবি করে।” -- শুক্রবার টুইট করেন মাস্ক।

“যদিও এতে টেসলার উপর বিরূপ প্রভাব পড়বে, কিন্তু ‘শক্তির টেকসই সমাধান’ তাৎক্ষণিকভাবে রাশিয়ার তেল ও জৈব জ্বালানির শূন্যতা পূরণ করতে পারবে না।” -পরবর্তী টুইটে বলেন তিনি।

মাস্ক রাশিয়ার তেল পাইপলাইনের উপর বৈশ্বিক নির্ভরতার কথাই উল্লেখ করেছেন।

ইউক্রেইনে সামরিক আগ্রাসনের পর অনেক দেশই রাশিয়ার ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের সাহস করেনি। এর অন্যতম কারণ রাশিয়ার তেলের ওপর তাদের নির্ভরশীলতা– প্রতিবেদনে লিখেছে ভার্জ।

মাস্কের জন্য খনিজ তেল বা জৈব জ্বালানি গুরুত্বপূর্ণ নয়, বিষয়টি এমনও নয়। বরং টেক্সাসে স্পেস এক্স-এর ‘স্টারশিপ ফ্যাসিলিটি’র কাছাকাছি তিনি খনিজ গ্যাস উত্তোলনের প্রকল্পও হাতে নিয়েছিলেন। কারণ কী? কারণ, বিদ্যুৎ দিয়ে এখনও রকেট উৎক্ষেপণ সম্ভব নয়।

“আমাদের দীর্ঘ সময়ের জন্য জৈব জ্বালানি লাগবে। প্রশ্ন হলো ভবিষ্যতে কীভাবে আমরা ‘টেকসই শক্তি’র দিকে এগুবো?”

“আমি তেল ও জৈব জ্বালানি বন্ধের পক্ষে নই।” গত বছর জো রোগানের পডকাস্টে বলেন মাস্ক।

কিন্তু মাস্ক আসলেই তার টুইট অনুযায়ী পরিকল্পনা করছেন, নাকি মজা করছেন তা বোঝা মুশকিল। নানা সময়েই স্রেফ রসিকতা করেই অনেক কিছু পোস্ট করেন এই প্রযুক্তি উদ্যোক্তা। অস্বীকারের উপায় নেই, মাস্কের ওইসব মজাও তার সাড়ে সাত কোটির বেশি অনুসারীর উপর যথেষ্টই প্রভাব ফেলে।