ইউক্রেইনে ‘হিটম্যাপ’ দেখানো বন্ধ করেছে স্ন্যাপ
ইউক্রেইনের জন্য স্ন্যাপচ্যাটের “হিটম্যাপ” ফিচার সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে স্ন্যাপ। এর ফলে অ্যাপটি ব্যবহার করে নির্দিষ্ট অঞ্চলে কতগুলি স্ন্যাপ নেওয়া হচ্ছে তা আর দেখা যাবে না।
ক্ষুদ্র ভিডিও চ্যাটিং অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানটি বলছে, পদক্ষেপটি “নিরাপত্তামূলক ব্যবস্থা”। তবে, ইউক্রেইনীয়দের পাঠানো স্ন্যাপগুলির একটি বাছাই করা উন্মুক্ত ‘ফিড’ থাকবে।
সাধারণত, স্ন্যাপ অ্যাপে থাকা স্ন্যাপ ম্যাপটি বিভিন্ন রঙের কোড দেখায় যা থেকে অনুমান করা যায় কোন এলাকায় কতজন লোক সর্বজনীন ছবি পোস্ট করছে। বাস্তবে, এর অর্থ হচ্ছে স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা কোথায় বেশি আছেন সে সম্পর্কে একটি ধারণা পাওয়া সম্ভব হয়।
যদিও সর্বজনীনভাবে পাওয়া এই ডেটা সাধারণত তেমন কোনো কাজের হয় না। প্রতিবেদনে এই তথ্যের সমর্থনে প্রযুক্তি সাইট ভার্জ বলছে, কোনো বনাঞ্চলের চেয়ে শহুরে এলাকায় স্ন্যাপের ভিড় বেশি থাকবে এটা বোঝার জন্য ওই ম্যাপে যেতে হয় না। তবে, যুদ্ধকালীন পরিস্থিতিতে “যেখানে রাশিয়া নাগরিক আন্দোলন ট্র্যাক করতে চাইতে পারে, সেখানে সম্ভবত এটি বন্ধ রাখাই ভালো” বলে মন্তব্য করেছে সাইটটি।
অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও ইউক্রেইনীয়দের গতিবিধি ট্র্যাক করা কঠিন করার জন্য একইরকম পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে গুগল ইউক্রেইনে লাইভ ট্র্যাফিক তথ্য বন্ধ করে দিয়েছে। একই কাজ করেছে অ্যাপল।
ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের পর স্ন্যাপ আরও কিছু পদক্ষেপ নিয়েছে। প্রতিষ্ঠানটির একটি পোস্ট অনুযায়ী, এটি রাশিয়া, বেলারুশ এবং ইউক্রেইনে বিজ্ঞাপন দেখানো বন্ধ করে দিয়েছে এবং রাশিয়ান প্রতিষ্ঠানগুলির কাছে বিজ্ঞাপনের স্পট বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে।
