২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বল্প দৃষ্টি প্রতিবন্ধীরা পড়তে পারবেন ‘কথক’ অ্যাপে

‘কথক’ নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশন অবমুক্ত হলো গুগল প্লেস্টোরে, যেটি দিয়ে স্বল্প দৃষ্টি প্রতিবন্ধীরা পড়তে পারবেন বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2022, 09:19 PM

Updated : 02 Aug 2022, 03:00 PM

শনিবার বিকেলে এক ভার্চুয়াল অনুষ্ঠানে অ্যাপটি উদ্বোধন করা হয়।

নির্মাতা প্রতিষ্ঠান ইনোভেশন গ্যারেজ লিমিটেড জানায়, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে অ্যাপটি বানিয়েছে তারা। অ্যাপটি ডক, ডকএক্স, আরটিএফ, টেক্সট, পিডিএফ কিংবা ইমেজ ফাইল থেকে টেক্সট ফিল্টার করে সহজে ব্যবহার উপযোগী ইন্টারফেসে উপস্থাপন করে। এটি ব্যবহারের জন্য আলাদাভাবে স্ক্রিন রিডার ইন্সটল করারও প্রয়োজন নেই।

অনুষ্ঠানের প্রধান অতিথি লেখক ও তথ্যপ্রযুক্তিবিদ মুহম্মদ জাফর ইকবাল বলেন, “যারা প্রতিবন্ধী মানুষের প্রযুক্তি নিয়ে কাজ করতে ইচ্ছুক, তাদের প্রথমে প্রতিবন্ধী মানুষের সাথে যোগাযোগ করাটা জরুরি। কারণ একজন প্রতিবন্ধী মানুষ বলতে পারে- তার কোন প্রযুক্তিটা প্রয়োজন। তাহলে আমাদের দেশে প্রতিবন্ধী মানুষের জন্য গৃহীত প্রযুক্তিগুলো সফলতার মুখ দেখবে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ইনোভেশন গ্যারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আশিকুর রহমান অমিত।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের জ্যেষ্ঠ সহ-সভাপতি সামিরা জুবেরী হিমিকা, এটুআইয়ের প্রবেশগম্যতা বিষয়ক জাতীয় পরামর্শক ভাস্কর ভট্টাচার্য্য, ইনোভেশন গ্যারেজ লিমিটেডের উপদেষ্টা রুহুল আমিন, ভিজ্যুয়ালি ইম্পেয়ার্ড পিপল সোসাইটির (ভিপস) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ব্লাস্ট বিডির সভাপতি মোশাররফ হোসেন মজুমদার, স্কুল অফ মাইন্ড লাইটের সহ-প্রতিষ্ঠাতা মোখলেছুর রহমান এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টার ফর দ্যা ব্লাইন্ডের কম্পিউটার প্রশিক্ষক মোহাম্মদ রাসেল।