২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়াকে ব্লক করুন: অ্যাপলকে ইউক্রেইনের উপপ্রধানমন্ত্রী

অ্যাপলকে রাশিয়ান ব্যবহারকারীদের পণ্য এবং পরিষেবা সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছেন ইউক্রেইনের উপপ্রধানমন্ত্রী। তার দেশে রাশিয়ার চলমান আগ্রাসনের প্রতিক্রিয়া হিসাবে এক খোলা চিঠিতে ওই আহ্বান জানিয়েছেন তিনি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2022, 06:05 PM

Updated : 02 Aug 2022, 03:00 PM

বৃহস্পতিবার অ্যাপল প্রধান নির্বাহী টিম  কুক বরাবর লেখা ওই খোলা চিঠি তিনি প্রকাশ করেন বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

“আমি আপনার কাছে আবেদন করছি,” উপপ্রধানমন্ত্রী মাইখাইলো ফেডোরভ তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে প্রকাশিত চিঠিতে লিখেছেন, “অ্যাপ স্টোরে অ্যাক্সেস ব্লক করাসহ রাশিয়ান ফেডারেশনকে অ্যাপল পরিষেবা এবং পণ্য সরবরাহ বন্ধ করুন!”

"আমরা নিশ্চিত যে এই ধরনের পদক্ষেপ রাশিয়ার তরুণ এবং সক্রিয় জনগোষ্ঠীকে লজ্জাজনক সামরিক আগ্রাসন সক্রিয়ভাবে বন্ধ করতে অনুপ্রাণিত করবে," ফেডোরভ বলেন।

৫০ হাজারেরও বেশি রাশিয়ান সেনা ইউক্রেইনে প্রবেশ করেছে বলে পেন্টাগনের হিসাব উল্লেখ করে প্রতিবেদনে বলেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। স্যাটেলাইট থেকে পাওয়া চিত্র থেকে অনুমান করা যায়, রাজধানী কিয়েভের ওপর আক্রমণ অত্যাসন্ন। বৃহস্পতিবারই চেরনোবিল পারমাণবিক বিপর্যয়ের স্থানটি রাশিয়ান বাহিনী ঘিরে ফেলায় সেখানে তেজস্ক্রিয় পদার্থের চলমান ব্যবস্থাপনা সম্পর্কে উদ্বেগ তৈরি হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই যুদ্ধের ফলে হাজার হাজার ইউক্রেইনীয় নাগরিক তাদের বাড়িঘর ছেড়ে শরণার্থী হয়ে পথে নেমেছেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউস এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় নিষেধাজ্ঞার একটি বিস্তৃত প্যাকেজ জারি করেছে। এর আওতায় অ্যাপল এবং অন্যান্য মার্কিন প্রতিষ্ঠান রাশিয়ান সামরিক বা প্রতিরক্ষা মন্ত্রণালয়কে পরিষেবা সরবরাহ করতে পারবে না।

তবে অনুরোধের বেলায় ফেডোরভ আরও এক কাঠি এগিয়েছেন। তিনি অ্যাপলকে গোটা দেশেই পরিষেবা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

অ্যাপল এই চিঠির বিষয়ে মন্তব্য করার অনুরোধে সাড়া দেয়নি।