২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা: চ্যাম্পিয়ন অভিযাত্রিক দল

‘বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ প্রতিযোগিতায় সেরা প্রকল্প প্রস্তাবের পুরস্কার জিতেছে অভিযাত্রিক দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2022, 10:51 AM

Updated : 02 Aug 2022, 02:59 PM

‘হাতের লেখা ও প্রিন্টেড ডকুমেন্টে বাংলা বর্ণ শনাক্তকরণ’ প্রকল্পের জন্য তারা পেয়েছে এক লাখ টাকা পুরস্কার।

প্রতিযোগিতার বিচারক প্যানেলের প্রধান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল মঙ্গলবার প্রতিযোগী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি তৈরি এবং বাংলা এনএলপি গবেষণায় উৎসাহ যোগাতে এ প্রতিযোগিতা আয়োজন করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।

কাউন্সিলের ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের অধীনে এই প্রতিযোগিতায় ১৬১টি প্রকল্প প্রস্তাবের মধ্যে সেরা ১০টি প্রস্তাবকে পুরস্কার দেওয়া হয়।

তথ্যপ্রযুক্তির উপযোগী করে বাংলা ভাষার ব্যবহার ও প্রয়োগে তরুণদের কাজের প্রশংসা করে ড. জাফর ইকবাল বলেন, “এখানে যারা আছে, তারা বাংলা ভাষার জন্য কাজ করছে, তারা হয়তো কোনোদিন একুশে পদক পাবে না, তারা হয়ত কোনোদিন বাংলা একাডেমি পুরস্কার পাবে না।

“কিন্তু বাংলাভাষার জন্য ওরা যে কাজটি করেছে, বাংলাদেশের ভাষাবিদরা করেন নাই, কোনোদিন চিন্তাও করতে পারবেন না।”

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “একটা সময় ছিল বাংলা ভাষা নিয়ে কেবল কবি, সাহিত্যিক, লেখক ও ভাষাবিদরা কাজ করতেন। এখন আস্তে আস্তে যে অন্য একটা সময় চলে আসছে যে, কেবল শুধু কবি, সাহিত্যিক, লেখক, ভাষাবিদরা না, তার বাইরে একটা গ্রুপ, তারা এই ভাষার জন্য কাজ করছে এবং তারা অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে, সেটা অনেকে জানে না।”

প্রযুক্তির উপযোগী ভাষা তৈরিতে গুরুত্ব দিয়ে জাফর ইকবাল বলেন, “বাংলা ভাষাকে বলা হয়, লো রিসোর্স ল্যাংগুয়েজ। কী অপমান! এই অপমান থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমরা অব্যাহতভাবে কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি, একটা সময় আসবে যে, আমাদের বলতে হবে না, বাংলা ভাষা হচ্ছে লো রিসোর্স ল্যাংগুয়েজ।”

তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম অনুষ্ঠানে বলেন, “এমন সময় আসবে যখন একুশে পদক আর বাংলা একাডেমি পুরস্কার পাওয়ার যোগ্যতার পরিবর্তন হবে, প্রযুক্তিনির্ভর বাংলা ভাষার জন্য কাজ করা তরুণ প্রজন্মও এমন পুরস্কারের আওতায় আসবেন।

“আমরা আশা করি, যে তরুণরা এখানে কাজ করেছেন, বাংলাদেশকে ২০৪১ সালে উন্নত দেশে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যে স্বপ্ন দেখছে, সে স্বপ্ন বাস্তবায়নের পথে যারা করছেন, তারা অবশ্যই আগামীতে এই ধরনের বড় বড় সম্মাননা অর্জন করবেন এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।”

প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া অন্য প্রকল্পগুলো হলো -

এক্সএমএল ইন্ডিক দলের ‘ভারতীয় ভাষাসমূহের মডেলিং’

সাস্ট ড্রিমার্স দলের ‘এনএলপি বাংলা টুলকিট’

ইন্টেলিজেন্ট মেশিনস লিমিটেডের ‘রশিদে লিখিত বাংলা হাতের লেখার রিডিং’

অনুমিতি দলের ‘ন্যাচারল ল্যাংগুয়েজ ইনফারেন্স ডেটাসেট’

বিয়ন্ড দ্য হিলস দলের ‘বাংলাদেশের ইন্ডিজেনাস কমিউনিটির জন্য অনুবাদ টুলস তৈরি’

একুশ দলের ‘বাংলা হাতের লেখা ডেটাসেট’

ড্যাব দলের ‘বাংলা অথরশিপ অ্যাট্রিবিউশন’

রক্তিম দলের’ বাংলা এনইআর ডেটাসেট’

ইনোভেশন গ্যারেজের ‘দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ডক-রিডার’

কম্পিউটার কাউন্সিলের পরিচালক (গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন) এহছানুল পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাবিল মুহাম্মদও উপস্থিত ছিলেন।