‘স্ট্রিট ফাইটার ৬’-এর ঘোষণা দিয়েছে ক্যাপকম
‘স্ট্রিট ফাইটার ৬’-এর ঘোষণা দিয়েছে গেইম নির্মাতা জাপানী প্রতিষ্ঠান ক্যাপকম। ৩৫ বছর পূর্তি হতে যাচ্ছে আইকনিক ফাইটিং ভিডিও গেইম ফ্র্যাঞ্চাইজটির।
‘ক্যাপকম প্রো ট্যুর’ সিজন ফাইনাল শেষে ফ্র্যাঞ্চাইজের নতুন গেইমের টিজার ট্রেইলার দেখিয়েছে প্রতিষ্ঠানটি। ট্রেইলারে গেইমপ্লে না দেখালেও এ বছরের গ্রীষ্মেই বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে জানিয়েছে এর নির্মাতা।
টিজার ট্রেইলার বিশ্লেষণ করে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, ‘স্ট্রিট ফাইটার ৬’-এর আর্ট স্টাইল আরো ‘রিয়ালিস্টিক’।
ফ্র্যাঞ্চাইজের আগের গেইমের তুলনায় নতুন গেইমটির ভাগ্য যেন ভালো হয়, ক্যামকম সেই প্রত্যাশাই করবে বলে মন্তব্য করেছে ভার্জ। ফ্র্যাঞ্চাইজের সর্বশেষ গেইম ‘স্ট্রিট ফাইটার ৫’ বাজারে এসেছিল ২০১৬ সালে। একযোগে পিসি ও পিএস৪ প্ল্যাটফর্মে এসেছিল গেইমটি।
তারপর থেকেই নানা জটিলতার মুখে পড়েছে ‘স্ট্রিট ফাইটার ৫’। জটিলতা বেঁধেছে সার্ভার নিয়ে, নানাবিধ বাগের কারণেও ভোগান্তির মুখে পড়েছিলেন গেইমাররা। তারপরও গেইমটির ৬০ লাখ কপি বিক্রি হয়েছিল।
পরবর্তীতে ‘আর্কেড এডিশন’ এবং ‘চ্যাম্পিয়ন এডিশন’ দিয়ে বেশ কিছু সমস্যার সমাধানও করেছিল ক্যাপকম। গেইমারদের কাছ থেকেও ভালো সাড়া পেয়েছিল এই পরবর্তী সংস্করণ দুটি।
পিএস৪, এক্সবক্স, পিসি এবং নিনটেনডো সুইচের জন্য ১০টি ফাইটং গেইমের একটি সংকলনের ঘোষণাও দিয়েছে ক্যাপকম। ২৪ জুন বাজারে আসবে ‘ক্যাপকম ফাইটিং কালেকশন’। ওই সংকলনে যে গেইমগুলো থাকবে, তার মধ্যে আছে-
১. ডার্কস্টকার: দ্য নাইট ওয়ারিয়র্স।
২. নাইট ওয়ারিয়র্স: ডার্কস্টকার্স রিভেঞ্জ।
৩. ভ্যাম্পায়ার হান্টার্স ২: ডার্কস্টকার্স রিভেঞ্জ।
৪. ভ্যাম্পায়ার সেভিয়র: দ্য লর্ড অফ ভ্যাম্পায়ার।
৫. ভ্যাম্পায়ার সেভিয়র ২: দ্য লর্ড অফ ভ্যাম্পায়ার।
৬. হাইপার স্ট্রিট ফাইটার ২: দ্য অ্যানিভার্সারি এডিশন।
৭. রেড আর্থ।
৮. সুপার জেম ফাইটার মিনি মিক্স (পকেট ফাইটার)
৯. সাইবারবটস: ফুল মেটাল ম্যাডনেস।
১০. সুপার পাজল ফাইটার ২ টার্বো।
